নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেন।
গত ৫ ডিসেম্বর তিনি দেশে পৌঁছান। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্ভাব্য লন্ডনযাত্রায় সঙ্গী হতে তিনি ঢাকায় এসেছিলেন।
এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মেডিকেল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে আগের চেয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বেশি স্থিতিশীল।
গতকাল শুক্রবার জাহিদ হোসেন আরও জানান, দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। সম্প্রতি তার শরীরে একটি ছোটখাটো অস্ত্রোপচার করা হয়েছে, যা তিনি সফলভাবে সহ্য করেছেন। বর্তমানে তার অবস্থার কোনো অবনতি ঘটেনি।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে নানা শারীরিক জটিলতা নিয়ে বিএনপির চেয়ারপারসন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।



