নিজস্ব প্রতিবেদক
যশোর থেকে বিএনপির নেতাকর্মীদের বহনকারী বিশেষ ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন ত্যাগ করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন এই দুই ঘটনার মিলন যেন আবেগে ভাসিয়ে দিয়েছে নেতাকর্মীদের। প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় যশোরের বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মী ঢাকার পথে যাত্রা করেছেন।
বুধবার রাত ১০টার পর থেকেই যশোর রেলওয়ে স্টেশন পরিণত হয় এক ব্যতিক্রমী মিলনমেলায়। জাতীয় পতাকা হাতে, কেউ বা ধানের শীষের প্রতীকসংবলিত পোশাক পরে স্টেশনে জড়ো হন নেতাকর্মীরা। স্লোগান, উচ্ছ্বাস আর আবেগে মুখর হয়ে ওঠে পুরো স্টেশন চত্বর।
নেতাকর্মীদের বিদায় জানাতে স্টেশনে উপস্থিত হন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শুভকামনা জানান। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনিবলেন, দলের এই ঐক্য ও আন্দোলনের স্পিরিটই বিএনপির শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
ঠিক রাত ১২টা ৫ মিনিটে যশোর স্পেশাল ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেন ছাড়ার মুহূর্তে প্ল্যাটফর্মেআবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। অনেক নেতাকর্মীর স্ত্রী, সন্তান ও স্বজনেরা প্ল্যাটফর্মে এসে হাত নেড়ে বিদায় জানান। কেউ চোখের জল লুকান, কেউ আবার উচ্ছ্বাসে স্লোগান দেন। এই সময় পুরো স্টেশনজুড়ে ভেসে ওঠে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে । মা মাটি ডাকছে তারেক রহমান হাসছে’ “তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে। এক পর্যায় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো স্টেশন চত্তর।
সব মিলিয়ে, যশোর রেলওয়ে স্টেশনে বুধবার রাতের এই দৃশ্য বিএনপির নেতাকর্মীদের আবেগ, প্রত্যাশা ও রাজনৈতিক উদ্দীপনার এক উজ্জ্বল প্রতিফলন হয়ে থাকবে বলে মন্তব্য করেন নেতাকর্মীরা।



