এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া–তালবাড়ি এলাকায় পৃথক অভিযানে দুই ব্যক্তির কাছ থেকে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী করম আলী ও মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আরোপ করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযানের ফলে বালু উত্তোলনে ব্যবহৃত কার্যক্রম বন্ধ করা হয় এবং সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশ সুরক্ষা, জনস্বার্থ রক্ষা এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও অভিযান অব্যাহত থাকবে।



