ঢাকাSaturday , 3 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় মনোনয়নপত্র যাচাই-বাছাই কাল, কুষ্টিয়া-৪ আসনে জমা সর্বাধিক

    admin
    January 3, 2026 5:04 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইুবাছাই নিয়ে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রাথমিক যাচাই-বাছাই কার্যক্রম শেষ করেছে কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিস ও জেলা নির্বাচন অফিস; আগামীকাল ৪ জানুয়ারি রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে চূড়ান্ত বাছাই পর্ব।
    কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট ৩৩টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। জেলা রিটার্নিং কার্যালয়ের প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা গেছে, এদের মধ্যে অন্তত ৬ প্রার্থীর মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। জেলা অতিরিক্ত প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, প্রয়োজনীয় কাগজপত্রের ত্রুটি, তথ্যগত অসঙ্গতি এবং বিধি অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণ না করার বিষয়গুলো সামনে এসেছে; ৪ জানুয়ারির চূড়ান্ত বাছাইয়ে ওই ছয়জনের কাগজ বাতিল ঘোষণা করা হতে পারে।
    জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত ১৫ ডিসেম্বরের একপত্রে মনোনয়ন বাছাইয়ের তারিখ, সময় ও স্থান জানানো হয়। তাতে বলা হয়েছে, রবিবার সকাল ১০টায় কুষ্টিয়া-১ (দৌলতপুর), সকাল পৌনে ১১টায় কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা), সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া-৩ (সদর) এবং দুপুর সোয়া ১২টায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের প্রার্থীদের মনোনয়নপত্রের চূড়ান্ত যাচাই-বাছাই করা হবে। পরবর্তী পর্যায়ে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন অফিস।
    জেলা রিটার্নিং কার্যালয় সূত্র অনুযায়ী, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ৮টি, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ৮টি, কুষ্টিয়া-৩ (সদর) আসনে ৭টি এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ১০টি মনোনয়নপত্র জমা পড়েছে।

    কুষ্টিয়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা; স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাগজ জমা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা। এছাড়া আছেন জামায়াতের উপজেলা আমির বেলাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি আমিনুল ইসলাম, জাতীয় পার্টির শাহরিয়ার জামিল জুয়েল, গণঅধিকার পরিষদের সাহাবুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বদিরুজ্জামান ও জেএসডির গিয়াস উদ্দিন।
    কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ৮ প্রার্থীর মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের জেলা নায়েবে আমির আব্দুল গফুর। আরও রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী, খেলাফত মজলিসের মুফতি আব্দুল হামিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি আরিফুজ্জামান, সিপিবির নুর উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বাবুল আক্তার ও স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক।

    কুষ্টিয়া-৩ (সদর) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এবং জামায়াতের মনোনীত ইসলামী বক্তা, জেলা জামায়াতের ইউনিট সদস্য মুফতি আমির হামজা অন্যতম। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল্লাহ আকন্দ, খেলাফত মজলিসের সিরাজুল হক, গণঅধিকার পরিষদের শরিফুল ইসলাম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির রুম্পা খাতুন ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের মীর নাজমুল ইসলাম প্রার্থী হয়েছেন।
    সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে, যেখানে ১০ জন প্রার্থী কাগজ দাখিল করেছেন। এখানে বিএনপি মনোনীত প্রার্থী কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি। একই আসনে বিএনপির উপজেলা আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামানিক এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় দলের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। জামায়াতের পক্ষ থেকে মাঠে আছেন উপজেলা নায়েবে আমির আফজাল হোসেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ আনোয়ার খান, বাংলাদেশ সুপ্রিম পার্টির খাইরুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির শহিদুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির তরুণ কুমার ঘোষ, এবি পার্টির আবু বক্কর সিদ্দিক ও গণফোরামের আব্দুল হাকিম মিয়াও মনোনয়নপত্র দাখিল করেছেন।
    নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, চূড়ান্ত বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হলে প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি পর্যন্ত ধরা হয়েছে। এরপর বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে এবং আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST