মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি :
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে বরগুনায় র্যালি, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত ফটকের সামনে দুইটি বকুল গাছের চারা রোপণ করেন বরগুনা জেলা ও দায়রা জজ বাহাদুর জনাব মোঃ সাইফুর রহমান।
পরে জগন্নাথপাড়ার স্মৃতিমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক স্বজল চন্দ্র শীল, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারি খরচে আইনি সহায়তা প্রদান কার্যক্রম অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ সহজ করছে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


