ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বাবু (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।
বুধবার (৬ মে) ভোরে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কশিগাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার কশিগাড়ি মধ্যপাড়া গ্রামের দয়াল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কশিগাড়ি খাদ্য গুদাম সংলগ্ন মাছের আড়ৎতের সামনে পাকা রাস্তার ওপর কোনো এক অজ্ঞাত যান বাবুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং তার পায়ের হাড় থেঁতলে যায়। ঘটনার পর এক অজ্ঞাতনামা ভ্যানচালক তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ২৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। বর্তমানে পুলিশের পক্ষ থেকে প্রাথমিক তদন্তসহ সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।


