এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে স্থানীয় কর্মহারা মানুষের চাকরি নিশ্চিতকরণ, ২১ ক্যাটাগরির ন্যায্য ক্ষতিপূরণ দ্রুত বাস্তবায়ন এবং স্থানীয় জনপ্রতিনিধিকে প্রাণনাশের হুমকিদাতার শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ মে মঙ্গলবার বিকেল ৩টায় মাতারবাড়ী সাইরার ডেইল ২ নম্বর গেইট সংলগ্ন এলাকায় মাতারবাড়ীর সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কোল পাওয়ার জেনারেশন কোম্পানির কিছু অসাধু কর্মকর্তা ও প্রভাবশালী সিন্ডিকেটের কারণে স্থানীয় সাধারণ মানুষ আজ নানাভাবে অধিকারবঞ্চিত হচ্ছে। বিশেষ করে সিন্ডিকেটের মূলহোতা ও অসাধু কর্মকর্তা মিজানুর রহমানের (মিজান) বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং স্থানীয় জনপ্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ার তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা অবিলম্বে মিজানসহ সংশ্লিষ্ট সকল দুর্নীতিবাজ কর্মকর্তা ও সিন্ডিকেটের সদস্যদের অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা বলেন, মাতারবাড়ী মেগা প্রকল্পের কারণে জমি ও স্থায়ী কর্মসংস্থান হারিয়ে বহু মানুষ আজ দিশেহারা। ২১ ক্যাটাগরির আওতায় স্থানীয়দের যে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, তা আমলাতান্ত্রিক জটিলতা ও অসাধু চক্রের দুর্নীতির কারণে এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এছাড়া স্থানীয় যোগ্য ও শিক্ষিত যুবকদের চাকরি না দিয়ে বহিরাগতদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও তারা ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ হুশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে যদি এই অসাধু কর্মকর্তাদের অপসারণ করে স্থানীয় ক্ষতিগ্রস্তদের চাকরি ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা না হয়, তবে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
বিশাল এই মানববন্ধনে মাতারবাড়ী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মেগা প্রকল্পের কারণে কর্মহারা ও ক্ষতিগ্রস্ত শত শত পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


