এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
দেশের অধিকাংশ মামলার মূল উৎস ভূমি বিরোধ এবং এর কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই ভোগান্তি দূর করতে এবং মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশব্যাপী ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে, যা মানুষকে সচেতন করার পাশাপাশি দ্রুত সেবা নিশ্চিত করবে।
মঙ্গলবার (১৯ মে) সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত এক জনসচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
এর আগে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে দেশব্যাপী তিন দিনব্যাপী ভার্চুয়াল ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন্দ্রীয় উদ্বোধনের পর কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশের যত মামলা আছে, তার বেশিরভাগেরই সূত্রপাত ভূমি নিয়ে। সাধারণ মানুষকে সচেতন করা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কীভাবে দ্রুত এসব সমস্যার সমাধান দেওয়া যায়, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। এই মেলা থেকে নাগরিকেরা সরাসরি ভূমি বিষয়ক নানা পরামর্শ ও সহজ সমাধান পাবেন — লুৎফুর রহমান কাজল, সংসদ সদস্য।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান হোসাইন সজিব এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী।
বক্তারা বলেন, অটোমেটেড বা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দালালের প্রাদুর্ভাব এবং সাধারণ মানুষের হয়রানি শূন্যের কোঠায় নেমে আসবে। ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাবলিক লাইব্রেরি সংলগ্ন মাঠে আয়োজিত এই মেলায় এবার মোট ৯টি স্টল অংশ নিয়েছে। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, প্রথম দিনেই সেবা গ্রহীতাদের বেশ ভিড় ছিল। স্টল গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: উপজেলা ভূমি অফিস, ভূমি অধিগ্রহণ শাখা,জেলা প্রশাসনের রাজস্ব শাখা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ।
আয়োজকেরা জানান, আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলাকালীন ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর সহ ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতার তাৎক্ষণিক পরামর্শ ও সেবা প্রদান করা হচ্ছে।


