এম কে হাসান জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযান চালিয়ে ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। আজ রোববার ৩১ মে ভোর সাড়ে ৪টার দিকে উখিয়া ব্যাটালিয়নের ৬৪ বিজিবি হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ক্যারেঙ্গা। ঘোনা এলাকায় এই অভিযান পরিচালনা করে। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দলটি সীমান্ত পিলার বিআরএম-১৮-এর কাছাকাছি কৌশলগত অবস্থান নেয়। ভোর সাড়ে ৪টার দিকে ৪-৫ জন সন্দেহ ভাজন ব্যক্তিকে মিয়ানমার সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি টহল দল নন-লেথাল (অ-ঘাতক) অস্ত্র ব্যবহার করে ফায়ার করলে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা মাদকের চালানটি ফেলে রেখে দ্রুত মিয়ানমার সীমান্তের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো একটি খাকি রঙের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতর থেকে নীল রঙের আটটি বায়ুরোধী প্যাকেটে রাখা মোট ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন:- পলাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও উল্লেখ করেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি প্রতিষ্ঠার পর থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন এবং অবৈধ চোরাচালান রোধে নিরলস ও অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। উদ্ধারকৃত মালিক বিহীন ইয়াবা গুলো পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।


