সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।
মৌলভীবাজারের কুলাউড়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ জহিরুল ইসলাম মুন্না। তিনি এর আগে শ্রীমঙ্গল থানা-এর ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (২ জুন) মৌলভীবাজার জেলা পুলিশের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জেলা পুলিশ সুপারের (ভারপ্রাপ্ত) পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম স্বাক্ষরিত আদেশে জেলার কয়েকজন পুলিশ পরিদর্শকের পদায়ন ও বদলির নির্দেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, কুলাউড়া থানার বর্তমান ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা-কে মৌলভীবাজার জেলা অপরাধ শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে বদলি করা হয়েছে।
জেলা পুলিশের ওই অফিস আদেশে বলা হয়, জনস্বার্থে এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ অভ্যন্তরীণ বদলি কার্যকর করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসনের এ রদবদলকে জেলার আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও গতিশীল করার অংশ হিসেবে দেখা হচ্ছে।


