কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ এর সাবস্টশনটি গত দুইদিন ধরে বিকল হয়ে থাকায় হাসপাতালের স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে হাসপাতালের কার্যক্রমে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও জেনারেটরের মাধ্যমে সীমিত পরিসরে জরুরি ও অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা চালিয়ে যাওয়া হচ্ছে। তবে বিদ্যুৎ সংকটের কারণে এক্স-রে সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবনের বিদ্যুৎ লাইনের কারিগরি ত্রুটির কারণে ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এ ধরনের জটিল ত্রুটি স্থানীয়ভাবে সমাধান সম্ভব না হওয়ায় বিষয়টি দ্রুত সরকারি বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুর রহমান জানান, সমস্যার বিষয়ে বিদ্যুৎ বিভাগকে অবহিত করার পর তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। আজ সকালে বিদ্যুৎ বিভাগের কারিগরি দল হাসপাতাল প্রাঙ্গণে এসে মেরামত কাজ শুরু করেছে।
জনগণের স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের বিদ্যুৎ সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়ায় বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত মেরামত কাজ সম্পন্ন হলে হাসপাতালের সকল সেবা স্বাভাবিকভাবে চালু হবে।


