জেলা প্রতিনিধি, কক্সবাজার
পর্যটন শহর কক্সবাজারের তীব্র যানজট নিরসনে অবৈধভাবে দেওয়া প্রায় এক হাজার টমটম লাইসেন্স বাতিল এবং নতুন করে আরও দুই হাজার ‘মিশুক’ গাড়ির লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবি উঠেছে। এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কক্সবাজার পৌরসভার প্রশাসককে নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়।
গত ৫ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠির অনুলিপি কক্সবাজারের জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৫ অক্টোবর কক্সবাজার শহরের যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর দাবিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে লিখিত আবেদন করেন কক্সবাজার টমটম চালক মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি এবং ‘কক্স ইকো রাইড লিমিটেড’-এর চেয়ারম্যান মো. আমানুল হক। আবেদনের সঙ্গে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেলসহ ১৫ জন চালক ও মালিকের গণস্বাক্ষরযুক্ত একটি তালিকাও জমা দেওয়া হয়।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, কক্সবাজার পৌরসভায় ২০২০ সালে দেওয়া টমটম লাইসেন্সগুলোই প্রকৃত ও স্থানীয় স্থায়ী বাসিন্দাদের বৈধ লাইসেন্স। কিন্তু ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ২০২৫ সালে সম্পূর্ণ অবৈধভাবে প্রায় এক হাজার টমটম লাইসেন্স দেওয়া হয়। স্থানীয় স্থায়ী বাসিন্দাদের বঞ্চিত করে বিভিন্ন জেলার ভাসমান ও গাড়িবিহীন বহিরাগত ব্যক্তিদের এসব লাইসেন্স দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
আবেদনকারী সংগঠনের নেতারা জানান, কক্সবাজার শহরে ইতিমধ্যে আট হাজারের বেশি গাড়ি চলাচল করায় পুরো শহর যানজটে স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে একই চক্র নতুন কৌশলে ‘মিশুক’ গাড়ির নামে আরও দুই হাজার লাইসেন্স হাতিয়ে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। কোনো ধরনের ট্রাফিক সমীক্ষা ছাড়া নতুন করে এসব গাড়ি নামানো হলে শহরের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সমিতির পক্ষ থেকে তিনটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়েছে। এগুলো হলো—২০২০ সালের পুরোনো ও বৈধ লাইসেন্সধারীদের তালিকা বহাল রাখা, জুলাই-আগস্ট পরবর্তী সময়ে বহিরাগতদের দেওয়া অবৈধ এক হাজার টমটম লাইসেন্স তদন্ত সাপেক্ষে বাতিল করা এবং ট্রাফিক সমীক্ষা ছাড়া নতুন করে দুই হাজার মিশুক লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করা।
এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার টমটম চালক মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মো. আমানুল হক বলেন, বহিরাগতদের হাতে অবৈধ লাইসেন্স চলে যাওয়ায় স্থানীয় প্রকৃত চালক ও মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং শহরে অসহনীয় যানজট তৈরি হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্দেশনার পর পৌর কর্তৃপক্ষ দ্রুত তদন্ত সাপেক্ষে কার্যকর পদক্ষেপ নেবে বলে তাঁরা আশা করছেন।



