ঢাকাMonday , 16 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মাদকবিরোধী প্রতিবাদ করায় কারাগারে যুবক

    admin
    November 16, 2026 9:17 pm
    Link Copied!

    অষ্টগ্রাম (কিশোরগঞ্জে) সংবাদদাতা

    কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মাদকবিরোধী প্রতিবাদ করার পর দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে কারাগারে গেছেন তোফায়েল খাঁ (২৮) নামে এক যুবক। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) আদালতে হাজিরা দিতে গেলে তাঁকে আটক করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

    তোফায়েলের স্বজনদের অভিযোগ, এলাকায় মাদকবিরোধী প্রতিবাদে অংশ নেওয়ার কারণেই তাঁকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়িয়েছেন মামলার বাদী ওয়াসিম মিয়া। তাঁদের দাবি, মাদক কারবারের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদের ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিশোধমূলকভাবে এ মামলা করা হয়েছে।

    ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ৬ অক্টোবর। ওই দিন বিকেলে অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দীঘিরপাড় এলাকায় ইমন মিয়া (২০) নামে এক যুবকের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন একটি মোটরসাইকেলে করে এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাঁদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়রা ধাওয়া করলে দুজন পালিয়ে যান এবং ইমনকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ইমনকে থানায় নিয়ে যায়।

    এ ঘটনার পর মামলার বাদী মো. ওয়াসিম মিয়া আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৬ অক্টোবর খান ঠাকুর দীঘিরপাড় এলাকায় তাঁর বসতবাড়ির সামনের রাস্তায় হামলার চেষ্টা, মোটরসাইকেলে আগুন দেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়।

    মামলায় তোফায়েল খাঁ (২৮), জামান মিয়া (২৫) ও মুসা মিয়া (২৮)-এর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

    মামলার বাদী ওয়াসিম মিয়ার অভিযোগ, জমি-জমা ও বসতবাড়িসংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা তাঁর পথরোধ করেন এবং একপর্যায়ে তাঁর ব্যবহৃত অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেলে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি মামলায় উল্লেখ করেছেন। পাশাপাশি তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন।

    তবে তোফায়েলের স্বজন ও এলাকাবাসীর দাবি, মামলার অভিযোগ সঠিক নয়। মাদকবিরোধী প্রতিবাদের ঘটনার পর থেকেই ওয়াসিমের সঙ্গে তাঁদের বিরোধের সৃষ্টি হয়। সেই ঘটনার প্রতিশোধ নিতেই ওয়াসিম মিয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেছেন বলে তাঁদের অভিযোগ।

    তাঁদের প্রশ্ন, এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাই যদি কারও জন্য আইনি হয়রানির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সাধারণ মানুষ মাদকবিরোধী সামাজিক আন্দোলনে অংশ নিতে উৎসাহ হারাবে। তাঁরা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং তোফায়েলের ন্যায়বিচার নিশ্চিত ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

    এদিকে মাদকবিরোধী প্রতিবাদের ঘটনার পর দায়ের করা মামলায় তোফায়েলের কারাগারে যাওয়ার বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে। মাদক কারবারের অভিযোগ, জনতার প্রতিরোধ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং পরবর্তী মামলার প্রকৃত প্রেক্ষাপট নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরিষ্কার করার দাবি উঠেছে।

    মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ যেমন প্রয়োজন, তেমনি আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা নিরপরাধ কাউকে হয়রানি করার সুযোগও থাকা উচিত নয়। ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্ত ও আইনের যথাযথ প্রয়োগই এখন প্রত্যাশা স্থানীয়দের।

    এবিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান,এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মামলাটি আমি অষ্টগ্রাম থানায় যোগদানের আগেই আদালতে দায়ের করা হয়েছিল। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কোনো মাদক কারবারি যদি প্রতিবাদী যুবকদের হয়রানি করে থাকে, তাহলে বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।” তিনি আরও জানান, মাদকবিরোধী অবস্থান নেওয়া ব্যক্তিরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST