ঢাকাTuesday , 24 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর-ঝিনাইদহ ৬ লেন প্রকল্পে যশোরে ক্ষতিপূরণ পেলেও ঝিনাইদহে এখনো অনিশ্চয়তা

    admin
    November 24, 2026 3:14 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে ক্ষতিপূরণ নিয়ে বৈষম্যের অভিযোগ, এক মাসের আশ্বাসেও মেলেনি সমাধান।

    যশোর-ঝিনাইদহ ৪৭ কিলোমিটার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ এগিয়ে চলছে। প্রকল্পের আওতায় জমি ও স্থাপনার মালিকরা ক্ষতিপূরণ পেলেও অনিশ্চয়তায় রয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ অংশের দোকান ব্যবসায়ী, শ্রমিক ও কর্মচারীরা।

    একই প্রকল্পে যশোর অঞ্চলের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পেলেও ঝিনাইদহের ব্যবসায়ীরা কেন বঞ্চিত হচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত না হলে প্রায় ১ হাজার ৫০০ পরিবারের জীবিকা সংকটে পড়ার আশঙ্কা করছেন আন্দোলনকারীরা।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের দাবি, ২০২২ সালে প্রকল্প সংশ্লিষ্টরা তাঁদের ব্যবসার বিনিয়োগ, আয়-ব্যয়, কর্মচারীর সংখ্যা ও বেতনের তথ্য সংগ্রহ এবং ভিডিও ধারণ করেন। তখন ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। অথচ ব্যবসা প্রতিষ্ঠান হারাতে বসা ভাড়াটিয়া ব্যবসায়ী ও শ্রমিকদের পুনর্বাসনের বিষয়টি অনিশ্চিত।

    ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য আন্দোলনের কালীগঞ্জ শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, বছরের পর বছর ভাড়া দোকানে ব্যবসা করে পরিবার চালাচ্ছেন তাঁরা। অনেকে ব্যাংক ও সমিতি থেকে ঋণ নিয়ে ব্যবসা করেছেন। ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ করা হলে প্রায় ১ হাজার ৫০০ পরিবার পথে বসবে।

    আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক বায়োজিদ বোস্তামী বলেন, তাঁরা অন্যায্য দাবি করছেন না। একই প্রকল্পে যশোর অঞ্চলের ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার নজির অনুযায়ী নিজেদের ন্যায্য পাওনা চাইছেন। একাধিকবার আবেদন, শুনানি, সংবাদ সম্মেলন ও আন্দোলন করেও সমাধান মেলেনি।

    জানা গেছে, ২০২৫ সালের ১৭ আগস্ট জেলা প্রশাসকের কাছে প্রথম আবেদন করেন ব্যবসায়ীরা। পরে ২৩ নভেম্বর পুনরায় আবেদন করা হয়। ভূমি অধিগ্রহণ কর্মকর্তার কার্যালয়ে শুনানিতেও অংশ নেন তাঁরা। সর্বশেষ ২০২৬ সালের ১৬ জুলাই ১০ জন ব্যবসায়ী ও শ্রমিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানিয়ে আবেদন করেন। এদিকে উচ্চ আদালতের রায়ের বিষয়টিও উল্লেখ করছেন আন্দোলনকারীরা।

    গত ২ নভেম্বর কালীগঞ্জ বাসস্ট্যান্ডে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেন ব্যবসায়ী-শ্রমিকেরা। প্রায় দুই ঘণ্টা পর ইউএনও রেজওয়ানা নাহিদের এক মাসের মধ্যে ফলাফল জানানোর আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তাঁরা।

    ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, আন্দোলনকারীদের আশ্বস্ত করে বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছিলেন। তবে এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এখনো কোনো নির্দেশনা পাননি। উচ্চ আদালতের রায়ের কথা শুনেছেন, তবে লিখিত কপি তাঁর হাতে পৌঁছায়নি। এ বিষয়ে অধিগ্রহণ শাখায় যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি।

    জেলা প্রশাসক নোমান হাসান বলেন, বিষয়টি উই কেয়ার প্রকল্পসংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত। প্রকল্পের কর্মকর্তারা বিষয়টি তদারকি করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

    ব্যবসায়ী ও শ্রমিকদের দাবি, উন্নয়নকাজে তাঁদের আপত্তি নেই। তবে ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত না করে উচ্ছেদ করা হলে দীর্ঘদিনের জীবিকা হারিয়ে পরিবারগুলো চরম সংকটে পড়বে। তাই দ্রুত বৈষম্য নিরসন করে ন্যায্য পাওনা নিশ্চিতের দাবি জানিয়েছেন তাঁরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST