ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভবদহের জলাবদ্ধতা নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, পর্যালোচনা সভায় চার মন্ত্রী

    admin
    November 28, 2026 11:29 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    ভবদহের জলাবদ্ধতা নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, পর্যালোচনা সভায় চার মন্ত্রী,
    ৮১ কিলোমিটার খাল খনন জুনে শেষ, নতুন করে আমডাঙ্গা খাল খননের উদ্যোগ।

    যশোরে ভবদহের জলাবদ্ধতা নিরসন ও সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা সভায় মন্ত্রীরা

    যশোরবাসীর দীর্ঘদিনের দুঃখ ভবদহের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন সরকারের চার মন্ত্রী। শনিবার (২৮ নভেম্বর) বৃহত্তর যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভায় তাঁরা ভবদহ নিয়ে সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

    সভা শেষে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ভবদহের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের কথা তাঁরা শুনেছেন। বর্তমানে ৮১ কিলোমিটার খাল খননের কাজ চলছে, যা আগামী জুন মাস নাগাদ শেষ হবে। এরপর নতুন করে আমডাঙ্গা খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

    তিনি বলেন, শিবশাহ নদীর পানির প্রবাহ ও গতিপ্রকৃতি ঠিক রেখে প্রায় ৯০ কিলোমিটার খালের সঙ্গে আরও ৫০ কিলোমিটার খাল খননের প্রয়োজন রয়েছে। এ জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।

    পানি সম্পদমন্ত্রী বলেন, চলমান ৮১ কিলোমিটার খাল খনন প্রকল্পের কাজ গত অর্থবছরে দৃশ্যমান হয়েছে এবং মানুষ এর সুফল পেতে শুরু করেছে। বাকি কাজ আগামী অর্থবছরে শেষ করার লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহ পরিস্থিতি সম্পর্কে অবহিত আছেন। তিনি নির্দেশ দিয়েছেন, সব কাজ সুন্দরভাবে সম্পন্ন করে এ অঞ্চলের মানুষকে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে পরিত্রাণ দিতে।

    ব্যারেজ প্রকল্পের কাজ সাত বছরে দৃশ্যমান হবে
    এর আগে পর্যালোচনা সভায় পানি সম্পদমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের অনুভূতি বুঝে কাজ করছে। বিগত সরকারের সময় ভবদহ এলাকায় জনগণের স্বার্থে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

    তিনি বলেন, বর্তমান সরকার গঠনের মাত্র দেড় মাসের মাথায় পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। এত বড় প্রকল্প অল্প সময়ে অনুমোদন পাওয়া সহজ নয়; এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফল।

    মন্ত্রী জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৪ সালে প্রকল্পটি হাতে নিয়েছিলেন। এরপর ২০১৬ সাল পর্যন্ত প্রকল্পটি যাচাই-বাছাইয়ের পর্যায়ে ছিল। দেশবাসী আশা করেছিল, প্রকল্পটি বাস্তবায়নের কাজ দৃশ্যমান হবে। কিন্তু পরবর্তী সময়ে প্রকল্পটি বাতিল করা হয় বলে তিনি অভিযোগ করেন।

    তিনি বলেন, ব্যারেজ প্রকল্পটি আগামী সাত বছরের মধ্যে দৃশ্যমান হবে। দেশের দক্ষিণ, পশ্চিম ও উত্তরাঞ্চলের জন্য প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের পথ তৈরি হবে। তবে দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নের আগেই স্বল্পমেয়াদি উদ্যোগের মাধ্যমে জলাবদ্ধতা সমস্যার সমাধানে সরকার কাজ করছে।

    পানি সম্পদমন্ত্রী আরও বলেন, বিগত ১৭ বছরে ভবদহ এলাকায় ব্যক্তিস্বার্থে কাজ হয়েছে বলে অভিযোগ রয়েছে। বর্তমান সরকার কোনো বিশেষ উদ্দেশ্যে প্রকল্প অনুমোদন বা ব্যক্তিগত সুবিধা গ্রহণের সুযোগ দেবে না, সব কাজ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে।

    দ্রুত কৃষির আওতায় আনার উদ্যোগ
    কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, মন্ত্রিত্বের দায়িত্ব পালনের সময় সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ভবদহ নিয়ে। তাঁরা চান না, ভবদহের সমস্যা থেকে মুক্তি পেতে এলাকার মানুষকে যুগের পর যুগ অপেক্ষা করতে হোক। দ্রুত সমস্যার সমাধান হোক—এটাই সরকারের লক্ষ্য।

    তিনি বলেন, দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানের জন্য কাজ এগোচ্ছে। টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) অবশ্যই বাস্তবায়ন করা হবে। বিএডিসির প্রকল্পটি মূল উদ্যোগের সহযোগী প্রকল্প হিসেবে কাজ করবে।

    কৃষিমন্ত্রী বলেন, বিএডিসির উদ্যোগের লক্ষ্য হলো আগামী এক-দুই বছরের মধ্যে ভবদহ এলাকার মানুষকে আবার চাষাবাদের আওতায় ফিরিয়ে আনা। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহ পরিস্থিতি নিয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।

    তিনি বলেন, ভবদহের মাটি অত্যন্ত উর্বর। এলাকার মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্ত করে কৃষিকাজে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের উদ্যোগে ভবদহের উন্নয়নে যে প্রকল্প নেওয়া হয়েছিল, তাতে এলাকার মানুষ উপকৃত হয়েছেন। দ্রুত কাজ করে মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের প্রস্তুতি রয়েছে। তবে দীর্ঘমেয়াদি সমাধানে কিছুটা সময় লাগতে পারে।

    ভবদহের দুঃখ মোচনে কাজ করছে সরকার
    আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ভবদহের মানুষের দীর্ঘদিনের দুঃখ মোচন হওয়া প্রয়োজন। এ জন্য তরিকুল ইসলাম বেগম খালেদা জিয়ার আনুকূল্যে ভবদহের উন্নয়নে কাজ করেছিলেন। বর্তমান সরকারও এ সমস্যা সমাধানে কাজ করছে।

    সভাপতির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভবদহের স্থায়ী সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় ১৯৯১-৯৬ এবং ২০০১-২০০৬ সালে।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা-মায়ের দেখানো পথে দেশের উন্নয়নে কাজ করছেন। সে কারণেই ভবদহের উন্নয়নেও প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন।

    সভায় বক্তব্য দেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু এবং ভবদহপাড়ের বাসিন্দা ফিরোজ আলম ও কামরুজ্জামান লিটন প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST