মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও দলটির সহযোগীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড, সহিংসতা ও নৈরাজ্যের অভিযোগ তুলে প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মশাল মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মশাল মিছিলটি শ্যামনগর সদরের বিভিন্ন সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ এবং ‘আওয়ামী লীগের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’ স্লোগানও শোনা যায়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা জহুরুল হক আপ্পু এবং উপজেলা যুবদলের সদস্যসচিব আনারুল ইসলাম আঙ্গুর। ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নেতা শরিফুল ইসলাম
সমাবেশটি সঞ্চালনা করেন শ্যামনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খান আবদুস সবুর। এ সময় শ্যামনগর পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ডিসেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তাঁরা বলেন, বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ জন্য তাঁরা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।


