ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার প্রকল্প, যশোরে মন্ত্রী-সচিবের পরিদর্শন

    admin
    November 28, 2026 11:53 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুরঃ

    যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও লাখো মানুষের দুর্ভোগ নিরসনে প্রায় ৩০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পের বাস্তবতা যাচাই এবং ভবদহের জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে দেখতে শনিবার (২৮ নভেম্বর) যশোর সফর করেছেন সরকারের পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব।

    শনিবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ভবদহ অঞ্চলের জীবনমান উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সভায় উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা, নদী ও খালের নাব্যতা, পানি নিষ্কাশন, কৃষি উৎপাদন এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
    বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে প্রায় ২৯৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন প্রকল্প’ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

    প্রকল্পের আওতায় চার জেলায় ১০৮টি খালের প্রায় ১৭০ কিলোমিটার খনন ও পুনঃখনন, পানি নিষ্কাশন পাম্প স্থাপন, ছোট সেতু ও কালভার্ট নির্মাণ এবং ভূগর্ভস্থ সেচনালা নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রায় ৫ হাজার ২০০ হেক্টর জলাবদ্ধ জমি চাষাবাদের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    সভায় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির পক্ষ থেকে স্থায়ী সমাধানের জন্য নদী-খাল খননের পাশাপাশি জোয়ার-ভাটা বা টিআরএম পদ্ধতি কার্যকর করার দাবি জানানো হয়। স্থানীয়দের অভিযোগ, অতীতে জলাবদ্ধতা নিরসনে বিপুল অর্থ ব্যয় হলেও প্রত্যাশিত সুফল পাওয়া যায়নি। তাই নতুন প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যয় এবং প্রকৃত ভুক্তভোগীদের স্বার্থ নিশ্চিত করার দাবি ওঠে।

    পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ভবদহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। চলমান ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্পের কাজ আগামী জুনের মধ্যে শেষ করার আশা রয়েছে। পাশাপাশি আমডাঙ্গা খাল খনন এবং আরও প্রায় ৯০ কিলোমিটার নদী খননের পরিকল্পনা রয়েছে।

    তিনি আশাবাদ ব্যক্ত করেন, চলমান ও পরিকল্পিত কাজগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে আগামী অর্থবছর শেষে ভবদহ অঞ্চলের মানুষ জলাবদ্ধতা থেকে অনেকটাই মুক্তি পাবেন।

    মতবিনিময় সভা শেষে মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবদহ অঞ্চল সরেজমিনে পরিদর্শনে যান। এ সময় তাঁরা জলাবদ্ধতাকবলিত এলাকা, পানি নিষ্কাশনের পথ এবং চলমান প্রকল্পের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করেন।

    দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সঙ্গে লড়াই করে আসা ভবদহ অঞ্চলের মানুষের প্রত্যাশা, এবার যেন কাগজে-কলমে নয়, বাস্তবেই কার্যকর উদ্যোগ নেওয়া হয়। কৃষিজমি ফিরে পাবে তার উৎপাদনক্ষমতা, স্বাভাবিক জীবনে ফিরবেন পানিবন্দি পরিবারগুলো—এমন প্রত্যাশা এখন স্থানীয় বাসিন্দাদের।

    তবে ৩০০ কোটি টাকার প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন হলেই এর সুফল সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST