মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।
সারাদেশে আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি শ্যামনগর ট্রাক টার্মিনাল থেকে শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর মাইক্রোবাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, গাজী শাহ আলম, আমজাদুল ইসলাম আমজাদ চেয়ারম্যান, আবুল খায়ের মল্লিক, গাজী শহীদুজ্জামান শহীদ, আজিজুল হক সরদার, সদস্য জিএম লিয়াকত আলী, জিএম সাদিকুর রহমান সাদেম চেয়ারম্যান, আব্দুর রশিদ ঢালী, আবুল কাশেম মোড়ল, মো. কামরুজ্জামান, মো. নুরুজ্জামান, আসাদুজ্জামান মিঠু, আবিদ হাসান মেম্বার, হালিমা কামরুল এবং সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস কে নাজমুল হক, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিবারসহ পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ড. মনিরুজ্জামান বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সুন্দরবনের কোলঘেঁষা সীমান্তবর্তী শ্যামনগর উপজেলায় কোনোভাবেই সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না। সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসতে পারে, কিন্তু সীমান্ত দিয়ে শেখ হাসিনা তো দূরের কথা, তাঁর কোনো দোসরকেও এ অঞ্চলে প্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসনামলে দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর মামলা, হামলা, জুলুম ও নির্যাতন চালানো হয়েছে। তবে বিএনপি সব সময় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা সারাদেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা প্রতিরোধে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিএনপি নেতাকর্মীরা সর্বদা সচেতন ও সতর্ক থাকবেন।


