মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।
রাঙামাটি: ১৯৯৬ সালের ভয়াবহ ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণবাসনের দাবিতে মানববন্ধন করেছে ‘৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদ’। বৃহস্পতিবার ৪/৯/২০২৫ সকাল ১১টায় রাঙামাটি শহরের বিএম মার্কেট এর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদ আহ্বায়ক মো: সাখাওয়াত হোসেন এবং সঞ্চালনা করেন মোঃ গিয়াস উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙ্গামাটি পার্বত্য জেলার সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মদ ইব্রাহিম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সহ-সভাপতি কাজী মোহাম্মদ জালুয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মোঃ জাহাঙ্গীর আলম এবং ভিকটিম পরিবারের সদস্য হাফেজ মোহাম্মদ বখতিয়ার উদ্দিন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাঙামাটিতে ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচার ও পূর্ণবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, বহু বছর আগে সংঘটিত এই ভয়াবহ হত্যাকাণ্ড এখনো বিচারহীন রয়ে গেছে। নিহত কাঠুরিয়াদের পরিবার আজও ন্যায়বিচার থেকে বঞ্চিত, পাশাপাশি তাদের জীবন-জীবিকার সঠিক পুনর্বাসন হয়নি।
অংশগ্রহণকারীরা দাবি জানান, অবিলম্বে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোর পূর্ণ পুনর্বাসন, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়। বক্তারা আরো বলেন, রাষ্ট্র যদি অতীতের এসব হত্যাযজ্ঞের বিচার না করে তবে পার্বত্যাঞ্চলে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষসহ সাধারণ নাগরিকরা অংশ নেন। তারা ব্যানার-ফেস্টুন হাতে “৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচার চাই”, “ভুক্তভোগীদের পুনর্বাসন চাই” স্লোগান দিতে থাকেন। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, এ ধরনের হত্যাযজ্ঞের ইতিহাস যেন আর চাপা না থাকে এবং ন্যায়বিচারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সঠিক দৃষ্টান্ত স্থাপন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৬ সালে সংঘটিত এ হত্যাযজ্ঞের ২৮ বছর পেরিয়ে গেলেও আজও এর কোনো সুষ্ঠু বিচার হয়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করেও শাস্তির আওতায় আনা হয়নি, যা বিচার বিভাগের জন্য একটি কালো অধ্যায়। তারা বলেন, হত্যাকাণ্ডে নিহত কাঠুরিয়াদের পরিবারগুলো আজও মানবেতর জীবন যাপন করছে।
বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, সন্তানদের শিক্ষার সুযোগ এবং একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান।
মানববন্ধনে অংশ নেন নিহতদের স্বজন, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ। কর্মসূচি শেষে স্মারকলিপি রাঙ্গামাটি জেলা প্রশাসকের হাতে হস্তান্তর করেন।


