নজরুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাহবুবুর রহমানের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দুর্ঘটনার খবর পাওয়ার পর ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।
লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দীন বাবুল-এর নির্দেশনায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। এ সময় তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে বাড়ি নির্মাণের জন্য টিনসহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি সহায়তার আওতায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে।
এ সময় গোড়ল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবার যাতে দ্রুত নতুন করে ঘুরে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন, বিপদের সময় প্রশাসনের এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অনেক বড় সহায়তা এবং অন্যদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত।


