চাই সুই উ মারমা। রাঙ্গামাটি প্রতিনিধি।
রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে এক মাদক কারবারিসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১৯ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাত আনুমানিক ২০:০০ ঘটিকায় শহরের রিজার্ভ বাজার, ওয়াপদা কলোনী, হাসপাতাল এলাকাসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক কারবারি সবা মিত্র (৩২)-কে ১৯ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ গ্রেফতার করা হয়। একই অভিযানে আরও ৬ জন আসামিকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত অন্য আসামিরা হলেন মোঃ জাহিদুল ইসলাম (২৬), মোঃ সাগর (২৫), মোঃ মিরাজ উদ্দিন সোহেল (২৬), আব্দুল ছাত্তার (৪৫), নুর নবী (২৮) এবং মোঃ মাজেদুল ইসলাম (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালী থানার এই বিশেষ অভিযানকে মাদক ও অপরাধ দমনে চলমান পুলিশের কঠোর অবস্থানের অংশ হিসেবে দেখছেন স্থানীয়রা।


