ঢাকাSaturday , 31 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চবিতে ‘বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত

    admin
    January 31, 2026 8:13 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন ২০২৫’ শনিবার (৩১ জানুয়ারি ) অনুষ্ঠিত হয়েছে।

    এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “জলবায়ু পরিবর্তন প্রশমন এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে উদ্ভিদবিজ্ঞান”। দেশের খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক এবং শিক্ষাবিদদের উপস্থিতিতে এই সম্মেলনটি জ্ঞানচর্চার এক মিলনমেলায় পরিণত হয়।

    সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সভাপতি প্রফেসর ড. এম. আজিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনের কি-নোট স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ হারুন-উর-রশীদ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন, চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. এম. মাহফুজুর রহমান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম কিবরিয়া এবং রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রেসিডেন্ট জনাব নুরুল হক চৌধুরী।

    চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এমন একটি যুগোপযোগী কনফারেন্স আয়োজনের জন্য আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। পাশাপাশি আগত অতিথি এবং উপস্থিত সকলকে নৈসর্গিক সবুজ ক্যাম্পাসে শুভেচ্ছা ও স্বাগত জানান। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় একটি একাডেমিক প্রতিষ্ঠান। যোগ্য গবেষক তৈরি হলে মানসম্মত গবেষণা প্রকাশ হবে। সাথে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এক্সিলেন্স বৃদ্ধি পাবে। সবুজে ঘেরা এটি একটি নান্দনিক ক্যাম্পাস। জ্ঞান চর্চা ও আহরণের তীর্থ স্থান এ বিদ্যাপীঠ। এ নান্দনিক ক্যাম্পাসে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম যুক্ত করতে পারলেই আমাদের স্বার্থকতা। তাই বর্তমান প্রশাসন সহ-শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিচ্ছে, ইতোমধ্যে ক্যাম্পাসে সহ-শিক্ষার অনেক কার্যক্রম দৃশ্যমান দেখা যাচ্ছে। আপনারা যে কার্যক্রম করতেছেন তা শিক্ষার্থীদের জ্ঞান-গবেষণা ও পঠন-পাঠনে সহায়ক ভূমিকা পালন করবে। উপাচার্য গবেষণা কার্যক্রম সকল গবেষকদের এগিয়ে আসার আহ্বান জানান।

    মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও বার্ষিক উদ্ভিদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় আয়োজকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন প্রশমন এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের জন্য উদ্ভিদ বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে শিল্প কারখানা ও বিভিন্ন নগরায়ণ সৃষ্টির মাধ্যমে উদ্ভিদের উপাদান নষ্ট হচ্ছে। এর থেকে পরিত্রাণ পেতে আমাদের সকলকে সচেতনতা সৃষ্টি করতে হবে।

    চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, পরিবেশ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। পরিবেশের ভারসাম্য অনুকূলে রেখে কোন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা যায় না। আজকের প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে আমাদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসতে হবে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তন প্রশমন এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে আজকের কনফারেন্স যুগোপযোগী ভূমিকা রাখবে বলে আমি আশা প্রকাশ করছি। এ ব্যাপারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

    সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন ২০২৫-এর সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম। বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির কার্যক্রম ও বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ জসিম উদ্দিন।

    সম্মেলনের আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ হারুন-উর-রশীদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সম্মেলনে বক্তারা বৈশ্বিক জলবায়ু বিপর্যয় মোকাবিলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় উদ্ভিদ গবেষণার নতুন নতুন কৌশল প্রয়োগের আহ্বান জানান। অনুষ্ঠান উপস্থাপনা করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা রুমঝুম ভূঁইয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক-বর্তমান শিক্ষকবৃন্দ, গবেষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, চবির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST