মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার চৌরাস্তা বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধু মহল ব্লাড ব্যাংক” এর উদ্যোগে ১৯তম ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণ রক্তের গ্রুপ নির্ণয় করান।
আয়োজকরা জানান, দিনব্যাপী ক্যাম্পেইনে সর্বমোট ১৫০ জন নারী-পুরুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বন্ধু মহল ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক কবি শামীম, উপদেষ্টা মো. রমজান, সভাপতি মো. আরশাদুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক মো. রিপাতসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।
প্রতিষ্ঠাতা পরিচালক কবি শামীম ক্যাম্পেইনের সফল আয়োজনের জন্য স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “মানুষের জীবন বাঁচাতে রক্তের বিকল্প নেই। সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে।” তিনি সংগঠনের কার্যক্রম আরও বেগবান ও সুশৃঙ্খলভাবে পরিচালনার আহ্বান জানান।


