মোঃ নুরুজ্জামান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি//
পেশার রাষ্ট্রীয় মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাসহ ৬ দফা দাবিতে বগুড়ার শাজাহানপুরে মানববন্ধন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)।
রবিবার (১০ মে) সকাল ১০টায় শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা ৬ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করা, চাকরির বয়সের সাথে গ্র্যাচুইটির শতকরা হার বৃদ্ধি, টিএ ও ডিএ বিল প্রতি বছর বাজারদরের সাথে সমন্বয় করে বৃদ্ধি, বেসিক স্যালারির ন্যূনতম ৬০ শতাংশ বৃদ্ধি, চাকরির বয়স ৫ বছর পূর্ণ হলে সকল এমপ্লয়ির জন্য যানবাহন ফ্রি করা এবং কাউকে চাকরিচ্যুত করলে ক্ষতিপূরণ বাবদ কোম্পানিকে ১০ লাখ টাকা দিতে বাধ্য করা।
এসময় বক্তারা সরকারি-বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং রাষ্ট্রীয়ভাবে পেশার মর্যাদা দেওয়ার দাবিও জানান।
মানববন্ধনে শাজাহানপুর উপজেলা ফারিয়ার সভাপতি ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ শাহিনুর ইসলাম শাহিন বলেন, “আমরা কোম্পানির নতুন ঔষধের তথ্য ডাক্তারদের কাছে পৌঁছে দিয়ে স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। অথচ আমাদেরকে নানাভাবে অসম্মান ও হয়রানি করা হচ্ছে। গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল নির্মূলের নামে আমাদের সহকর্মীদের হেনস্থা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার ভিজিটের অনুমতি থাকলেও তা মানা হচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলা ফারিয়ার সেক্রেটারি আতাউর রহমান ও প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম। এসময় আনোয়ার হোসেন, রুবেল হোসেন, নজরুল ইসলাম, আজাদুল ইসলাম, মো. আসাদ, মো. সোহাগ, মোহাইমিনুর রক্সি, লিটন সরকার, সেলিম রেজা, তৌহিদুল ইসলাম, নুর ইসলাম, মনিরুল ইসলামসহ বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


