মো: জাহিদ হাসান, প্রতিনিধি রাজারহাট, কুড়িগ্রাম//
কুড়িগ্রাম: সাংগঠনিক শৃঙখলা ভঙ্গের দায়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আহ্বায়ক মো. আনিছুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম-কে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএনপি কুড়িগ্রাম জেলা শাখার দপ্তর থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “সংগঠনের শূন্য ও অব্যবহৃত সাংগঠনিক শৃঙখলা ভঙ্গের দায়ে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আনিছুর রহমানকে আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।”
এতে আরও বলা হয়, “তদস্থলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম-কে রাজারহাট উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।”
এই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ। বিজ্ঞপ্তিতে তারিখ হিসেবে ২৭.০৯.২০২৫ উল্লেখ করা হয়েছে।
এই রদবদলের ফলে রাজারহাট উপজেলা বিএনপিতে নতুন করে সাংগঠনিক তৎপরতা বাড়বে বলে মনে করছেন দলের নেতা-কর্মীরা।


