ঢাকাMonday , 18 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

রোহিঙ্গা সংকটে স্থানীয়করণ ও প্রত্যাবাসন রোডম্যাপের দাবি সুশীল সমাজের

admin
May 18, 2026 5:47 pm
Link Copied!

এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

জেআরপি (যৌথ সহায়তা পরিকল্পনা) মূলত জাতিসংঘ-নির্ভর তহবিল সংগ্রহের একটি কাঠামোতে পরিণত হয়েছে বলে সমালোচনা করা হয়েছে। গত বছরের জেআরপির ৯৩৪.৫ মিলিয়ন ডলারের বাজেটের মধ্যে ৮৭ শতাংশ তহবিলই ছিল জাতিসংঘের হাতে । আন্তর্জাতিক সংস্থার কাছে ছিল ৯ শতাংশ তহবিল, অথচ স্থানীয় এনজিওগুলোর কাছে বরাদ্দ ছিল মাত্র ১ শতাংশের চেয়েও কম!

আজ সোমবার ১৮ মে, ২০২৬ ইংরেজি ঢাকা জাতীয় প্রেসক্লাবে কক্সবাজার সিএসও এনজিও ফোরাম (সিসিএনএফ) ও ইকুইটি জাস্টিস ওয়ার্কিং গ্রুপ (ইকুইটিবিডি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এই তথ্য জানান । সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকট মোকাবিলায় একটি সুনির্দিষ্ট স্থানীয়করণ ও প্রত্যাবাসন রোডম্যাপ প্রণয়নের দাবি তোলা হয় ।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিএনএফের সমন্বয়ক মোঃ শাহিনুর ইসলাম । তিনি বলেন, জাতিসংঘের নেতৃত্বে প্রতিবছর রোহিঙ্গা ও স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যৌথ সহায়তা পরিকল্পনা বা Joint Response Plan (JRP) গ্রহণ করা হচ্ছে । তবে এই পরিকল্পনা মূলত জাতিসংঘ-নির্ভর হয়ে পড়েছে ।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সরকার ব্যাংক থেকে ঋণ নিয়ে এই রোহিঙ্গা সংকটে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে । কিন্তু সরকারের এই বিশাল অবদান বর্তমান জেআরপি কাঠামোয় প্রতিফলিত হচ্ছে না । তাই জেআরপির অন্তত ২৫ শতাংশ তহবিল স্থানীয় এনজিও এবং স্থানীয় মানুষের কল্যাণে বাস্তবায়নের জন্য বরাদ্দের দাবি জানান তিনি । একই সাথে কার মাধ্যমে কত তহবিল বাস্তবায়ন করা হবে, তার স্পষ্ট রূপরেখা জেআরপিতে থাকার জোর দাবি তোলেন তিনি ।
রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশন গঠনের তাগিদ:- ইকুইটিবিডি’র সমন্বয়কারী মোস্তাফা কামাল আকন্দ বলেন, বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং এর জন্য একটি শক্তিশালী রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশন গঠন করা জরুরি । রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার বিচার এবং নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের আগামী সাধারণ পরিষদের অধিবেশনে একটি বিশেষ সম্মেলন আয়োজনের তাগিদ দেন তিনি, যার মূল লক্ষ্য হবে একটি কার্যকর প্রত্যাবাসন রোডম্যাপ তৈরি করা ।

ধ্বংস হচ্ছে কক্সবাজারের পরিবেশ ও কৃষি:- সংবাদ সম্মেলনে ইকুইটিবিডির আরেক সমন্বয়কারী মোঃ ইকবাল উদ্দিন কক্সবাজারের স্থানীয় ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে গিয়ে কক্সবাজারের পরিবেশ ও বন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । প্রায় ৩০০ একর কৃষি জমি নষ্ট হয়ে গেছে, যা দ্রুত পুনরুদ্ধার করা প্রয়োজন ।

তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে এবং কক্সবাজারে প্রতিদিন গড়ে একজন করে মানুষ খুন হচ্ছে । ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ভূগর্ভস্থ পানি সংরক্ষণের ওপর জোর দিয়ে তিনি ভূগর্ভস্থ পানির পরিবর্তে নাফ নদীর পানি পরিশোধন করে রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহ করার আহ্বান জানান । পাশাপাশি রোহিঙ্গাদের শুধু ত্রাণ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি ।

অনেক দেশে সরকারের অনুমতি ছাড়া জাতিসংঘ কোনো কাজ করতে পারে না। দেশের স্বার্থ সংরক্ষণে জাতিসংঘের উচিত সকল কাজের জন্য বাংলাদেশ সরকারের অনুমতি নেওয়া- রেজাউল করিম চৌধুরী, প্রধান মডারেটর, সিসিএনএফ ও ইকুইটিবিডি

জাতিসংঘের একমুখী ভূমিকার সমালোচনা:- সংবাদ সম্মেলনে সিসিএনএফ ও ইকুইটিবিডির প্রধান মডারেটর রেজাউল করিম চৌধুরী জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR)-এর তীব্র সমালোচনা করেন । তিনি বলেন, UNHCR স্থানীয় এনজিওদের তোয়াক্কা না করে বিভিন্ন আন্তর্জাতিক এনজিওর (যেমন: Acted, Action Aid, ইউনিসেফ TDH) মাধ্যমে কাজ বাস্তবায়ন করছে । এমনকি সরকার, বন বিভাগ বা স্থানীয় জনগণের কোনো মতামত না নিয়েই রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী আবাসন তৈরি করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ।

তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করে বলেন, কর্মকর্তারা কক্সবাজার পরিদর্শনে গেলে স্থানীয় ভুক্তভোগী মানুষের কথা না শুনে কেবল জাতিসংঘের কর্মকর্তাদের সাথেই কথা বলেন । স্থানীয় মানুষই এই সংকটের মূল ভুক্তভোগী, তাই তাদের সমস্যার স্থায়ী সমাধানে একটি সুনির্দিষ্ট ‘স্থানীয়করণ ও প্রত্যাবাসন রোডম্যাপ’ তৈরি করা সময়ের দাবি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST