মোঃ হযরত আলী শান্ত সাতক্ষীর শ্যামনগর থেকে।।
সাতক্ষীরার শ্যামনগরে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসা থেকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ এসব শিক্ষার্থীর সাফল্য উদ্যাপন এবং উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর পবিত্র গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
‘জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ’—এমন অনুপ্রেরণামূলক পঙ্ক্তিকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও ফুল তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মাসুদুল আলম দোহা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা এবং শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতির দায়িত্বও পালন করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জি. এম. আমির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মহসিন আলী খান, সহকারী অধ্যাপক শাহজাহান, দেবপ্রসাদ মণ্ডল, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, নিউটন মজুমদার, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক কল্পনা মণ্ডল এবং জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার। এ ছাড়া শ্যামনগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সংবর্ধিত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।



