জেলা প্রতিনিধি, কক্সবাজার:
রক্ত দিন জীবন বাঁচান- এই মানবীয় অঙ্গীকারকে সামনে রেখে কক্সবাজার ব্লাড ম্যানেজমেন্ট টিমের উদ্যোগে এবং তারুণ্য ব্লাড ডোনার’স সোসাইটির সহযোগিতায় উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে প্রথম ব্লাড ক্যাম্পিং ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি-২০২৬।
২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাজী পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাজ সেবামূলক কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচিতে সংগঠনের সভাপতি মোঃ রাইহান সিকদার নিহাতের সভাপতিত্বে এবং অন্যান্য সদস্যদের সক্রিয় অংশগ্রহণে প্রধান সার্বিক দিকনির্দেশনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা সাংবাদিক কামরুল হাসান ও এডমিন আনোয়ার হোসেন। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন হাজী পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ, প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা এবং সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ।
দিনব্যাপী এই ক্যাম্পেইনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করার সুযোগ পান। রক্ত দান ও রক্তের গ্রুপ জানার গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করতে আয়োজকরা বেশ কিছু মূল বার্তা তুলে ধরেন: ১. জরুরি চিকিৎসায় দ্রুত ব্যবস্থা:- নিজের ও পরিবারের সদস্যদের রক্তের গ্রুপ জানা থাকলে যেকোনো দুর্ঘটনা, অস্ত্রোপচার বা জরুরি অবস্থায় দ্রুত রক্তের ব্যবস্থা করা সহজ হয়। ২. রক্তদানে উদ্বুদ্ধকরণ:- সঠিক রক্তের গ্রুপ জানা থাকলে তরুণ ও যুবসমাজ প্রয়োজনের সময় মুমূর্ষু রোগীকে রক্তদানে সরাসরি এগিয়ে আসতে উৎসাহিত হয়। ৩. গর্ভকালীন সচেতনতা:- গর্ভবতী মায়েদের রক্তের গ্রুপ এবং বিশেষ করে আরএইচ ফ্যাক্টর (পজিটিভ/নেগেটিভ) আগে থেকে জানা থাকলে জটিলতা এড়ানো সম্ভব হয়।
৪.সামাজিক রক্তদাতাদের ডাটাবেজ তৈরি:- এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে সম্ভাব্য রক্তদাতাদের একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করা সম্ভব হয়, যা পরবর্তীতে যেকোনো রক্তের সংকটে কাজে আসে।
অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের সর্বস্তরের মানুষকে মানবিক কাজে উদ্বুদ্ধ করতে এবং রক্তের অভাবে যাতে কোনো রোগীর প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যে কক্সবাজার ব্লাড ম্যানেজমেন্ট টিম ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণ মূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করবে।


