জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে লতিফ শিকদার গ্রামে স্বামী তানভির আহমেদ অভিসহ স্বশুড় পক্ষের নির্যাতনে হত্যার শিকার গৃহবধু ফাতেমা আক্তারের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ধোড়করা ও কাগাইশ গ্রামবাসী। শনিবার বিকেলে ধোড়করা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ফাতেমা আক্তারের চাচা শাহজাদা নীরব, দাদা অহিদুর রহমান, দাদি জোহরা বেগম, চাচি রাহেলা বেগম, নাজমা বেগম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আবদুল জলিল মেম্বার, মনির আহমেদ, আলী আক্কাস, মোহাম্মদ আলী লিটন, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, মোহাম্মদ সুজন, ফারুক মিয়া, ইমরান হোসেন প্রমুখ।
উপস্থিত গ্রামবাসী ফাতেমা আক্তারের হত্যায় জড়িত স্বামী তানভির আহমেদ অভিসহ অভিযুক্ত দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট দাবি জানান।
উল্লেখ্য, চিওড়া ইউনিয়নের লতিফ শিকদার এলাকায় ফাতেমা আক্তার(১৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, যৌতুক ও আসবাবপত্রের দাবি পূরণ না করায় বিয়ের পর থেকেই ফাতেমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। তাদের দাবি, ফাতেমাকে হত্যা করে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। নিহত ফাতেমা আক্তার ধোরকরা বাজারের পশ্চিমে কাগাইশ এলাকার শহিদুল ইসলাম ও রাশেদা বেগমের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে পারিবারিকভাবে লতিফ শিকদারের লেদু মিয়ার ছেলে ও প্রবাসফেরত তানভির আহমেদ অভির সাথে ফাতেমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক ও ফার্নিচারের দাবিতে ফাতেমার ওপর নির্যাতন চালানো হতো বলে অভিযোগ পরিবারের।


