আনিসুর রহমান মানিক
পঞ্চগড় প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সরকারি অডিটোরিয়ামের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “ওই ফ্যাসিস্ট-গুপ্তরা যতই ষড়যন্ত্র করুক, বিএনপির সরকার ও তারেক রহমানের সরকারের কোনো ক্ষতি করতে পারবে না।”
তিনি বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রয়োজনে ‘ফ্যাসিস্ট-গুপ্তরা’ এক হয়ে যেতে পারে—এ কারণে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, “আমার বিশ্বাস, আমরা যদি আমাদের সরকারের কার্যক্রম মাঠে-ঘাটে, হাটে-বাজারে মানুষের কাছে প্রচার করতে পারি, তবে ওই ফ্যাসিস্ট-গুপ্তরা তারেক রহমানের সরকার, বিএনপি সরকারের কোনো কিছুই করতে পারবে না।”
জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম এবং পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।
সমাবেশ শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কের সামনে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


