বাউফল প্রতিনিধি//
ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ এবং এডিস মশার বিস্তার রোধে পটুয়াখালীর বাউফলে অনুষ্ঠিত হয়েছে ব্যাপক জনসচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান। কর্মসূচিতে অংশ নিয়ে নিজ হাতে ড্রেনে ওষুধ ছিটিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
পটুয়াখালী বাউফল রোববার (৩০ আগস্ট) সকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রউফের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে সচেতন করা হয়। বিশেষ করে বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন এবং আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে তা ধ্বংসের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। নিজের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব প্রত্যেক নাগরিককেই নিতে হবে।
তিনি বলেন, কোথাও পানি জমে থাকলে সেখানে এডিস মশার বংশবিস্তার হওয়ার আশঙ্কা থাকে। তাই ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে হলে আগে থেকেই সচেতন হতে হবে এবং মশার জন্মস্থান ধ্বংসে সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তব্য শেষে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। হাতে গ্লাভস পরে তিনি ড্রেনে ওষুধ ছিটান এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ব্যক্তিদেরও নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ডা. নুরজাহান, ডা. তাসরিফ, ডা. জান্নাতুন নেয়ামা, হেড ক্লার্ক মো. রিয়াজ, ফার্মাসিস্ট মো. জহিরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। জ্বরসহ ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানানো হয়।
পটুয়াখালী বাউফল প্রতিনিধি মোঃ রুবেল হোসেন 01749510580


