ঢাকাTuesday , 10 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন

    admin
    November 10, 2026 7:07 pm
    Link Copied!

    মাসুদা আক্তার রিফা, পবিপ্রবি প্রতিনিধি

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৩০তম বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘ডিমে শক্তি, ডিমে পুষ্টি, ডিমে আছে রোগমুক্তি’।

    আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে অনুষদীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মো. আতিকুর রহমান, বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা: সুশান্ত দাশ এবং বিশ্ব ডিম দিবস উদযাপন কমিটি-২০২৬ এর সদস্য সচিব প্রফেসর ড. প্রদীপ কুমার সরকার।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেল্থ বিভাগের অধ্যাপক ড. মোস্তফা আনোয়ার বিশ্ব ডিম দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। ডিমের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত গুরুত্ব তুলে ধরে তিনি প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম রাখার ওপর গুরুত্বারোপ করেন।”

    শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খান মোহাম্মদ নাফিউ, বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু বক্কর সিদ্দিক রাফি এবং এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাবাসসুম মোহনা।

    বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু বক্কর সিদ্দিক রাফি বলেন, “খামারিদের টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে ভর্তুকি ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি খামারিদের পুষ্টিগুণসমৃদ্ধ ও মানসম্মত ডিম উৎপাদনের প্রতি গুরুত্ব দিতে হবে।”

    বিশ্ব ডিম দিবস উদযাপন কমিটি-২০২৬-এর সদস্য সচিব প্রফেসর ড. প্রদীপ কুমার সরকার প্রতিদিন ডিম খাওয়ার উপকারিতা ও ডিমের পুষ্টিগুণ নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় তিনি এবারের প্রতিপাদ্য ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ বিষয়টির তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

    বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম বলেন, “ডিম অত্যন্ত পুষ্টিকর খাদ্য হলেও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে এর দাম কমানোর বিকল্প নেই। পোল্ট্রি ফিডের অতিরিক্ত দাম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ডিমের দাম বৃদ্ধির অন্যতম কারণ। এ বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা প্রয়োজন। তবেই সবার জন্য ডিম সহজলভ্য করা সম্ভব।”

    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, “আমাদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ থেকেই সেরাটা উদ্ভাবন করতে চাই। যুক্তিনির্ভর বিশ্লেষণ ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সার্বজনীন নিরাপদ খাদ্য উৎপাদনই আমাদের মূল লক্ষ্য। এভাবেই দেশকে এগিয়ে নিতে চাই।”

    অনুষ্ঠানের সভাপতি এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম সমাপনী বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    আলোচনা সভায় বক্তারা ডিমের পুষ্টিগুণ, নিয়মিত ডিম খাওয়ার উপকারিতা এবং দেশের পোল্ট্রি খাতের উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST