আনিসুর রহমান মানিক পঞ্চগড় প্রতিনিধি:
পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, জমি দখলের চেষ্টা, গাছপালা কেটে নেওয়া এবং মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আইনজীবী শাহজাহান খান। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) পঞ্চগড় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিজের ও পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ তুলে ধরেন শাহজাহান খান।
লিখিত বক্তব্যে তিনি জানান, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হালুয়াপাড়া ও সাহেববাজার এলাকায় তাঁদের পরিবারের প্রায় ৭৫ বছরের পুরোনো পৈতৃক সম্পত্তি রয়েছে। পূর্বপুরুষ আনাজ উদ্দিন প্রেসিডেন্টের সময় থেকে এসব জমি তাঁদের পরিবারের ভোগদখলে রয়েছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া এলাকার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, বিদ্যালয় ও সাহেববাজারের হাট প্রতিষ্ঠায় তাঁদের পরিবার উল্লেখযোগ্য পরিমাণ জমি দান করেছে বলেও জানান তিনি।
শাহজাহান খানের অভিযোগ, প্রায় দুই বছর ধরে একটি পক্ষ তাঁদের মালিকানাধীন জমিতে অনধিকার প্রবেশ করে মালিকানা দাবি করে আসছে। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদ ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একাধিকবার বৈঠক হলেও প্রতিপক্ষ তাদের দাবির পক্ষে গ্রহণযোগ্য কোনো দলিল উপস্থাপন করতে পারেনি।
পরবর্তী সময়ে প্রতিপক্ষ সহকারী জজ আদালতে স্বত্ব বাটোয়ারা মামলা (নং-১১১/২৫) দায়ের করে। এর জবাবে শাহজাহান খান ও তাঁর পরিবারের পক্ষ থেকে আদালতে ৭১টি মূল দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হয়। এসব নথি পর্যালোচনার পর আদালত সংশ্লিষ্ট জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি। এ-সংক্রান্ত অপর মামলার নম্বর ১১৩/২৫ বলেও উল্লেখ করেন তিনি।
তবে আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ রাতের আঁধারে জমিতে টিনের চালা নির্মাণ, কলাগাছ ও বিভিন্ন চারা রোপণ, গাছপালা এবং বাঁশ কেটে নেওয়ার মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন শাহজাহান খান। এমনকি নিজেদের স্থাপনায় নিজেরাই আগুন দিয়ে তাঁদের পরিবারের সদস্যদের ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, পরবর্তী সময়ে পুলিশের তদন্তে ওই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত ৯ নভেম্বর জাহাঙ্গীর ও আমিনার গং সাহেববাজার এলাকায় মাইকিং করে তাঁদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন। এর মাধ্যমে তাঁর ও তাঁর ভাইয়ের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শাহজাহান খান বলেন, আদালতের বিচারপ্রক্রিয়ার প্রতি তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। প্রতিপক্ষ আদালতে নিজেদের দাবির পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে না পেরে ভিন্নভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। আসন্ন পৌরসভা ও উপজেলা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে তাঁকে হেয় করা এবং সামাজিকভাবে বিব্রত করার উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা একটি মামলায় তাঁকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে দাবি করে শাহজাহান খান বলেন, ওই ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। প্রতিপক্ষের উত্থাপিত অভিযোগগুলোও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলন থেকে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের সুষ্ঠু সমাধান, জমিতে বেআইনি কর্মকাণ্ড বন্ধ এবং তাঁর বিরুদ্ধেন অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়। অন্যথায় জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন শাহজাহান খান।
সংবাদ সম্মেলনে তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



