নোমাইনুল ইসলাম
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে পরীক্ষার্থী সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বাঘাইছড়ি জেলা পরিষদ রেস্ট হাউসের হলরুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের অধীনস্থ যুব রেড ক্রিসেন্ট, বাঘাইছড়ি উপজেলা টিমের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সহজ করা এবং তাদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ইউনিট রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ও রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী। অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট, বাঘাইছড়ি উপজেলা টিমের দলনেতা জয় চন্দ্রের সঞ্চালনায় স্থানীয় স্বেচ্ছাসেবক ও এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দীন বাহারী বলেন, রেড ক্রিসেন্টের যুব সদস্যরা দুর্যোগ-দুর্বিপাকসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষা উপকরণ বিতরণের এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পরীক্ষায় অংশ নিয়ে সফলতার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে কলম, স্কেল, ফাইলসহ পরীক্ষার প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রী পেয়ে পরীক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে বাঘাইছড়ি উপজেলা টিমের পক্ষ থেকে সকল এইচএসসি পরীক্ষার্থীর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।


