ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মাদক মামলায় সাজা ভোগ না করেই জেল থেকে বেরিয়ে এলো ভূমি অফিসের কর্মচারী

    admin
    November 28, 2026 7:39 pm
    Link Copied!

    মোঃ রাকিব হাসান, পঞ্চগড় জেলা প্রতিনিধি

    পঞ্চগড়ে আদালতের আদেশে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড নিয়ে কারাগারে প্রবেশের প্রায় এক ঘণ্টা পরই মুক্তি পেয়ে বেরিয়ে আসার অভিযোগ উঠেছে এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে। এভাবে কারাগার থেকে মুক্তি পাওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে, পাশাপাশি চলছে আলোচনা-সমালোচনা।

    অভিযোগ ওঠা ওই সরকারি কর্মচারী রিয়াজুল ইসলাম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক। আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হওয়ার দিনেই মুক্তি পাওয়ার বিষয়টি স্বীকার করে রিয়াজুল বলেন, ‘আমাকে মুক্তি দিয়েছে, আমি চলে এসেছি।’ এ বিষয়ে আদালতের ওপর দায় চাপান তিনি।

    তবে জেলা কারাগার কর্তৃপক্ষের দাবি, কারাবিধি অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে। ঘটনাটি প্রথমে আসামি ও তার পরিবারের লোকজনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও প্রায় ২২ দিন পর বিষয়টি জানাজানি হলে তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হয়েও কারাগারে স্বল্প সময় অবস্থানের পর মুক্তি পাওয়ার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

    থানাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বুধবার রাতে পঞ্চগড় বিসিক শিল্পনগরী এলাকায় মাদক সেবনের অভিযোগে রিয়াজুল ইসলাম ও তার সহযোগী নুর আলমকে আটক করে স্থানীয় মাদকবিরোধী কমিটি। এ সময় তাদের মাদকসহ হাতেনাতে আটক করা হয় বলে জানা গেছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পঞ্চগড় সদর থানা পুলিশ রিয়াজুল ও নুর আলমকে আটক করে থানায় নিয়ে আসে।

    পরদিন সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় তাদের পঞ্চগড় চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয়। ওই আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় অপরাধের দায়ে দুজনকেই তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

    পরে আদালত থেকে তাদের পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হলে কিছুক্ষণ পরই দুজন মুক্তি পেয়ে বাড়ি ফিরে যান বলে অভিযোগ উঠেছে।

    এ বিষয়ে পঞ্চগড় জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তবে মুঠোফোনে তিনি জানান, কারাবিধি অনুযায়ী কোনো আসামির মুক্তির দিন ছুটির দিন হলে ছুটির আগের দিন মুক্তি দেওয়ার বিধান থাকতে পারে।

    পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন জানান, ভূমি অফিসের ওই কর্মচারীর মাদকসংক্রান্ত বিষয়টি তিনি অবগত নন। তবে সাজাপ্রাপ্ত হয়ে থাকলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

    আদালতের সাজা কার্যকরের পর এত অল্প সময়ের মধ্যে মুক্তির বিষয়টি কীভাবে ঘটেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST