শহীদুল ইসলাম শরীফ দোহার প্রতিনিধি
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বন্ধন সেবা সংগঠন ২৫ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকাস্থ দোহারের আল-আমিন বাজার, সুতারপাড়ায় একটি বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে স্থানীয় বাসিন্দাদের জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার মাপা, ওজন মাপা এবং স্বাস্থ্য পরামর্শ সেবা প্রদান করা হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডা. জসিম উদ্দিন। তিনি এই জনহিতকর উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধন সেবা সংগঠনের এই প্রচেষ্টা স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।”
বন্ধন সেবা সংগঠনের সভাপতি রানা আহমেদ, সাধারণ সম্পাদক সেজান মাহমুদ শান্ত, সিনিয়র সহ-সভাপতি ফয়সাল আহমেদ জিসান, দপ্তর সম্পাদক ওয়াছি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. কাউছার হোসেন, অর্থ সম্পাদক সাজ্জাদ খান এবং সাধারণ সদস্য রাকিবুল ইসলাম, সামিউল মোল্লা, শফিকুল ইসলাম, রাব্বি হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করেন। সংগঠনের সাধারণ সম্পাদক সেজান মাহমুদ শান্ত বলেন, “আমাদের লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সুস্থ জীবনযাপনে সহায়তা করা। এ ধরনের কার্যক্রম আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখব।”
এই ক্যাম্পেইন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এমন আরও উদ্যোগের প্রত্যাশা করছেন অংশগ্রহণকারীরা। এই কার্যক্রম স্থানীয় সম্প্রদায়ের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।


