নিজস্ব প্রতিবেদক
নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চিকিৎসার অনুদান আত্মসাৎ, মসজিদের উন্নয়ন অনুদান, সরকারি চাকরি ও সমাজকল্যাণ সহায়তার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম ইয়ার আলী (৩৫)। ভুক্তভোগীরা পৃথকভাবে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কাশিয়ানী উপজেলার চাপ্তা পূর্বপাড়া বাইতুল জামির হোসেন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শাফিউল হোসেন পাভেল জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সাংবাদিক পরিচয়ে ইয়ার আলী তাদের মসজিদে যান। সে সময় মসজিদ উন্নয়নের জন্য সমাজকল্যাণ দপ্তর থেকে ৩ লাখ টাকা অনুদান এনে দেওয়ার আশ্বাস দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নেন এবং খরচ বাবদ ৬ হাজার টাকা গ্রহণ করেন।
তিনি আরও জানান, তার স্ত্রী অসুস্থ হয়ে খুলনার একটি হাসপাতালে ভর্তি হলে ভর্তির কাগজপত্র দিয়ে সমাজকল্যাণ থেকে আর্থিক সহযোগিতা এনে দেওয়ার কথা বলে নগদ আরও ২ হাজার টাকা নেন ইয়ার আলী। অভিযোগ অনুযায়ী, এরপর তিনি আর যোগাযোগ করেননি। বারবার চেষ্টা করেও তার সঠিক তথ্য পাওয়া যায়নি।
শাফিউল হোসেন পাভেল বলেন, “কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি প্রতিবেদন দেখে তাকে চিনতে পারি। এরপরই আমাদের সঙ্গে ঘটে যাওয়া প্রতারণার বিষয়টি সামনে এনেছি।
অন্যদিকে, অসুস্থ ব্যক্তির চিকিৎসার সরকারি অনুদানের টাকা আটকে রাখা এবং হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার তিতাগ্রামের বাসিন্দা মো. সোহরাব হোসেন (৬০)।
লিখিত অভিযোগে বলা হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে সমাজকল্যাণ অফিসে চিকিৎসার আবেদনের সময় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অভিযুক্ত ইয়ার আলী কাগজপত্র এবং পরবর্তীতে আসা ১ লাখ টাকার চেক নিয়ে যান। গত ৫ নভেম্বর উপজেলার সাজাইল শাখার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পর সোহরাবকে ৩০ হাজার টাকা দিয়ে বাকি ৭০ হাজার টাকা পরে দেওয়ার কথা বলা হয়।
অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে পাওনা ৭০ হাজার টাকা চাইলে টালবাহানা শুরু হয় এবং গত ১২ নভেম্বর রাতে ফোনে অকথ্য গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ইয়ার আলীসহ আরও একজনকে অভিযুক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।
এছাড়া কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের দেবগ্রামের বাসিন্দা মো. হাফিজুর রহমানের পরিবার জানায়, তার ছেলে পারভেজ মোল্যার চাকরি, সরকারি ঘর, ক্যানসার রোগীর সহায়তা ও সেলাই মেশিনের প্রলোভন দেখিয়ে অভিযুক্তরা মোট ৫ লাখ টাকা নেন। অভিযোগ অনুযায়ী, টাকা নেওয়ার পর কোনো সুবিধাই দেওয়া হয়নি। উল্টো টাকা ফেরত চাইলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ইয়ার আলীসহ আরও ২ জনকে অভিযুক্ত করে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইয়ার আলী মুঠোফোনে বলেন, “আমি ফোনে এত কথা বলব না। কার কাছ থেকে কী নিয়েছি আর না নিয়েছি, এগুলো সরাসরি সাক্ষাতে বলব।” পরবর্তীতে তার সঙ্গে আবারও কথা হলে তিনি দুটি অভিযোগ মিথ্যা এবং ৭০ হাজার টাকার বিষয়টি পারিবারিকভাবে সমাধান করেছেন বলে দাবি করেন।
নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এমন প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। অভিযোগগুলোর বিষয়ে জানতে থানায় যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজেদের পাওনা টাকা দ্রুত ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।



