মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,
সাধারণ ও নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার উজালখলসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলটির সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইয়াছিন আলী প্রামাণিকের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের পাশাপাশি শিশুদের মুসলমানি করানোর ব্যবস্থাও রাখা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে মেডিসিন, শিশু, চর্ম ও যৌন, গাইনি এবং অর্থোপেডিকস বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। চিকিৎসক দলে ছিলেন অর্থোপেডিকস বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. শওকত শরীফ, বন্ধ্যাত্ব, প্রজনন হরমোন ও গাইনি বিশেষজ্ঞ সার্জন ডা. মো. ইমরান হোসেন ও ডা. প্রিয়াঙ্কা ভৌমিক, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ ডা. রাকিব শেখ, ডা. মো. তাহিদুল ইসলাম (রনি) এবং জেনারেল ফিজিশিয়ান ডা. বিজয় কুমার।
উদ্বোধনী ও ক্যাম্প চলাকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল গাফ্ফার, দুর্গাপুর উপজেলা শূরা সদস্য অধ্যাপক মো. জাবের আলী, ইউনিয়নের ২, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি যথাক্রমে মো. জসিম উদ্দিন, মো. আকরাম আলী ও অধ্যাপক মো. আইয়ুব আলী। এ ছাড়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. জুবায়ের আল মাহমুদ, রাজশাহী জেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিলমাড়িয়া ইউনিয়ন সভাপতি মো. বাবলু রহমান এবং ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ হিল কাফিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পের উদ্যোক্তা ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াছিন আলী প্রামাণিক বলেন, ‘তিনবার নির্বাচিত ইউপি সদস্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোতে সপ্তাহে অন্তত একদিন এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে সেবা চালুর উদ্যোগ নেব, যাতে নিম্ন আয়ের মানুষ অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন।’
পাশাপাশি হয়রানি ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন, প্রকৃত উপকারভোগীদের মাঝে সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণ, মাদক ও সন্ত্রাস নির্মূল এবং প্রতিটি ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।



