মো:ফারুক আহমেদ (ঘাটাইল)
টাঙ্গাইলের ঘাটাইলে ওষুধ কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে মূল অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে রেখে নিরপরাধ পিক-আপ চালকের বিরুদ্ধে মামলা দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। শনিবার (২৯ আগস্ট) স্থানীয়রা ঘাটাইল থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে তারা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন। এ সময় উপজেলার পরিষদের সামনে থেকে মিছিল সহকারে হাসপাতাল ও থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে তারা। সেখান থেকে পুনরায় মিছিল সহকারে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কলেজ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এসময় সড়কের দু’পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, ওষুধ কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে মূল অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে রেখে নিরপরাধ পিক-আপ চালকের বিরুদ্ধে মামলা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পিক-আপ চালকের মুক্তি দাবি করে ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। তা না হলে কঠোর কর্মসূচির ঘোষনা দেন বিক্ষোভকারীরা। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খুররম মাসুদ সিদ্দিকী। এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোকছেদর রহমান জানান আমাদের কাছে ঔষধ চুরির সাথে জড়িতদের নাম বলেছে। খুব দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে। উল্লেখ্য গত ২৬ আগষ্ট রাতে হাসপাতালের কর্মকর্তারা বিপুল পরিমাণ জীবন রক্ষা ঔষধ পাশ্ববর্তী উপজেলা ভুয়াপুর যমুনা নদীতে ফেলার সময় এলাকাবাসী আটক করে পুলিশ কে খবর দেয়


