ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার কুলানন্দপুরের করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চর এলাকা থেকে স্থানীয় মাদক ও জুয়া নির্মূল কমিটির সদস্যরা তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কবলীপাড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৭) এবং একই গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. শাকিল মিয়া (২০)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করতোয়া নদীর ঘাটের চরে নৌকার ওপর মাদক কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদ পেয়ে কুলানন্দপুর মাদক ও জুয়া নির্মূল কমিটির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে পুলিশে খবর দিলে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই আসামির দেহ তল্লাশি করে ১,১৩৭ পিস গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করে এবং তাদের গ্রেপ্তার দেখায়।
কুলানন্দপুর মাদক ও জুয়া নির্মূল কমিটির সভাপতি মো. মোর্শেদ আলম জানান, “আমাদের এলাকাকে মাদক ও জুয়ামুক্ত করতে আমরা স্থানীয় যুবসমাজ একাট্টা হয়েছি। নদীর চরে নৌকা ভিড়িয়ে মাদকের চালান কেনাবেচা হচ্ছে খবর পেয়েই আমরা সেখানে গিয়ে তাদের আটক করি। সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহায়তা করে যাচ্ছি।”
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, “মাদক ও জুয়া নির্মূল কমিটির সহায়তায় ১,১৩৭ পিস ইয়াবাসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের নাগরিক উদ্যোগ ও তথ্য প্রদানকে আমরা সাধুবাদ জানাই।”


