ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজের প্রয়াত অফিস সহায়ক ইদ্রিছ আলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১টায় কলেজের শহিদ রিদওয়ান হোসাইন (সাগর) হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আজহারুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক আবুল হাসনাত মো. জামান, সহকারী অধ্যাপক মো. রহুল আমিন, সহকারী অধ্যাপক মোঃ খাইরুল ইসলাম, প্রভাষক এফ এ নয়ন, হিসাবরক্ষক আব্দুল লতিফ খান, উপাধ্যক্ষ মো. আমজাদ হোসেন এবং অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার।
বক্তারা মরহুম ইদ্রিছ আলীর কর্মময় জীবন, দায়িত্বশীলতা, সহকর্মীদের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক এবং কলেজের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা বলেন, মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট ঢাকার আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ইদ্রিছ আলীর মৃত্যুতে ফুলবাড়ীয়া কলেজ পরিবারে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
আলোচনা সভা শেষে মরহুম ইদ্রিছ আলীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. লুৎফর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এ সময় বক্তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


