মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আয়োজক কমিটির আহ্বায়ক ও উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত মতবিনিময় সভায় হীরকজয়ন্তী উৎসব যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও সুশৃঙ্খলভাবে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। হীরকজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং সার্বিক আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে বর্ণনা করেন সংশ্লিষ্টরা৷
সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, চবি সিন্ডিকেট ও সিনেট সদস্য এস.এম. ফজলুল হক, অবসরপ্রাপ্ত প্রফেসর ড. সুলতান আহমেদ, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হাছান মিয়া, জ্যেষ্ঠ ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, অনুষদসমূহের ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট/গবেষণা কেন্দ্রের সভাপতি/পরিচালকবৃন্দ, প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, চাকসু কেন্দ্রের পরিচালক, প্রশাসকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, আয়োজক কমিটির সদস্যবৃন্দ, উপ-কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যবৃন্দ, অফিস প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত আয়োজক কমিটির সদস্যবৃন্দ, উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব ও সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্যাপনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। উপাচার্য সভায় হীরকজয়ন্তী অনুষ্ঠানের কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত সকলে মাননীয় উপাচার্যকে ধন্যবাদ জানান। মাননীয় উপাচার্য সকলের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং প্রস্তুতির জন্য ধন্যবাদ জানান।



