মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি :–
চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি ও সার্বিক উন্নয়নকে সামনে রেখে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রোগ্রেস রিপোর্ট অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।
সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিকতা এবং ভালো ফলাফল অর্জনের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তাঁরা বলেন, একজন শিক্ষার্থীর সফলতার পেছনে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং নিয়মিত পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অভিভাবক সমাবেশে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রাণবন্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। অভিভাবকরা শিক্ষার্থীদের শিক্ষা ও শৃঙ্খলা উন্নয়নে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সমাবেশটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সম্মিলিত প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয়।


