জাকির আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার মদনে আলোচিত জাল দলিল নিয়ে মন্তব্য করায় বনার মিয়া নামের এক বিএনপির নেতাকে পিটিয়ে আহত করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রাতেই মদন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বনার মিয়ার ছেলে রুজেল।
আহত বনার মিয়া মদন পৌর বিএনপির প্রচার সম্পাদক। তিনি বর্তমানে মদন উপজেলা কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
স্থানীয় লোকজন ও অভিযোগ সূত্রে জানা গেছে, বনার মিয়া সোমবার (০৩ আগস্ট) সকালে সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন চা স্টলে, চা খেতে যায়। এ সময় স্থানীয় লোকজনের সাথে আলোচিত জাল জালিয়াতি দলিল সম্পর্কে কথা বলছিলেন। ঠিক এ সময় দলিল লেখক রহিছ মিয়া তার লোকজন নিয়ে চা স্টলে হাজির হন এবং এ নিয়ে কথা বলতে বনার মিয়াকে বারণ করেন। এক পর্যায়ে দলিল লেখক রহিছ মিয়া উত্তেজিত হয়ে তার লোকজন নিয়ে বিএনপি নেতা বনার মিয়ার উপর হামলা চালায়। এতে বনার মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
আহতের বড় ছেলে রুজেল মিয়া জানান, দলিল লেখক রহিছ মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী হঠাৎ করে আমার বাবার ওপর চা স্টলে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। আইনের মাধ্যমে অপরাধীকে গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে, দলিল লেখক রহিছ মিয়াকে তার মুঠোফোনে একাধিকবার কল করলে কল রিসিভ না করায় তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।
পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন জানান, যে ঘটনাটি ঘটেছে তা খুবই দুঃখজনক। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেস্টা করছি।
মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহ উদ্দিন করিম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ যে, গত ২৫ জুন একটি ভুয়া দলিল দিয়ে নতুন দলিল সম্পাদন করে সাব-রেজিস্ট্রারের সামনে গেলে তা জব্দ হয় এবং ২৮ জুন তাকে ওই ঘটনায় কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন সাব-রেজিস্ট্রার অফিস। এছাড়াও তাকে অনির্দিষ্ট সময়ের জন্য দলিল লিখা থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেন।


