নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আম্বিয়া খাতুন (৫৪) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ৪আগস্ট বিকাল ৪টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকায় তার নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আম্বিয়া খাতুন দক্ষিণ বুরুজবাগান এলাকার আকবর আলীর স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, যশোর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি বিশেষ দল দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আম্বিয়ার শয়নকক্ষ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।


