মো:ফারুক আহমেদ (ঘাটাইল)
টাঙ্গাইলের ঘাটাইলে রূপসা ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল ভাটার ম্যানেজার স্বপনকে পিস্তল ঠেকিয়ে জিম্মি ও চেতনানাশক ওষুধ খাইয়ে নগদ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ধলাপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় ও ইটভাটা সূত্রে জানা যায়, রাতে ১২টার দিকে একদল অস্ত্রধারী ডাকাত রূপসা এলাকার ওই ইটভাটার অফিসে অতর্কিতে প্রবেশ করে। ডাকাত দলের সদস্যরা ভেতরে ঢুকেই দায়িত্বরত ম্যানেজারকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং জিম্মি করে ফেলে। একপর্যায়ে তাকে জোরপূর্বক ঘুমের ওষুধ মেশানো পানি পান করানো হয়। ম্যানেজার অচেতন হয়ে পড়লে ডাকাত চক্র অফিসে তাণ্ডব চালায়। তারা অফিসের ড্রয়ার ভেঙে নগদ টাকা এবং ইটভাটার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নথি লুট করে নেয়। তবে এমন কোন ঘটনা জানেন না বলে জানালেন ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান।


