জাকির আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নির্ধারিত সময় শেষ। কিন্তু বাস্তবায়ন হয়নি প্রকল্পের কাজ। কাজ না করেই বরাদ্দের টাকা লুটপাট করার অভিযোগ উঠেছে প্রকল্পের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী এলাকায় এমন ঘটনা ঘটেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরের গ্রামীণ অবকাটঠামো সংস্কার কাবিটা প্রকল্পের আওতায় তিয়শ্রী ইউনিয়নের বালালী বাঘমারা হাই স্কুলের খেলার মাঠের কোনা হতে নন্দনের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাটের প্রকল্প নেওয়া হয়। এতে বরাদ্দ দেওয়া হয় ২ লাখ ৫০ হাজার টাকা। নিয়ম অনুযায়ী উল্লেখিত প্রকল্পের কাজ ২০২৫-২০২৬ অর্থ বছরের ৩০ জুনের মধ্যে বাস্তবায়ন করার কথা রয়েছে। কিন্তু কাগজে কলমে বাস্তবায়ন হলেও বাস্তবে তার উল্টো চিত্র। বৃহস্পতিবার (২জুলাই) প্রকল্প এলাকায় সরজমিনে গেলে দেখা যায় কোন কাজ করা হয়নি।
স্থানীয় বাসিন্দা নূরল আলম, বাবুল, শহীদ মিয়াসহ অনেকেই জানান,‘প্রতি বছর এই রাস্তার নামে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সময় মতো কখনো কাজ করে না। এলাকার লোকজন প্রতিবাদ করলে তাদের উল্টো হুমকি ধমকি দেওয়া হয়। এ বছরও বরাদ্দ হয়েছে। বিন্তু এখন পর্যন্ত কোন কাজ করা হয়নি বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।
জানতে চাইলে প্রকল্প কমিটির সভাপতি সফিয়ন তালুকদার জানান,‘ পিআইও অফিস থেকে আমাদের বিল দেয়নি। তাই সময় মতো কাজ করতে পারিনি।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির জানান, ‘ বালালী এলাকার প্রকল্পের বিল ছাড় দেওয়া হয়েছে। কমিটি বিল নিয়েছে কিনা তা জেনে বলতে হবে। কাজ বাস্তবায়ন হয়েছে কি না জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম জানান,‘ কাজ না করে বিল নেওয়ার কোন সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ছবি আছেঃ নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী বাঘমারা হাই স্কুলের খেলার মাঠের কোনা হতে নন্দনের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট প্রকল্পে কোন কাজ হয়নি।
জাকির আহমেদ
মোবাইলঃ ০১৭১৭৭৮৩৬১৬
তারিখঃ ০২-০৭-২০২৬ ইং


