মোঃ মামুন আলী ঝিনাইদহ সদর উপজেলা প্রতিনিধি :
ঝিনাইদহে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে নিষিদ্ধ পলিথিন রাখার অভিযোগে দুই দোকানিকে জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১২ আগস্ট) জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার কেপিবসু সড়ক সংলগ্ন ট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিক্রির উদ্দেশ্যে
রাখার অপরাধে দুটি দোকানিকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আনুমানিক ৩২ কেজি নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), সদর, ঝিনাইদহ নাজনীন সুলতানার নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৬ক(খ) ধারা অনুযায়ী জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় হিসাবরক্ষক আকরাম হোসেন ও নমুনা সংগ্রহকারী মোঃ কামরুজ্জামান অভিযানে
সহযোগিতা করেন। জেলা পুলিশের একটি চৌকস দলও মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে।পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণকারী ও আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।


