মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি:–
সাত সমুদ্র তেরনদী পেরিয়ে নোয়াখালীর সেনবাগে এসেছেন পর্তুগালের রাজপরিবারের দুই সম্মানিত অতিথি প্রিন্সেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা (ডাচেস অব কোয়েম্ব্রা) এবং প্রিন্স দুয়ার্তে দে সুসা আরাউজো মার্টিন্স (ডিউক অব কোয়েম্ব্রা)। তাঁদের আগমনকে ঘিরে সেনবাগে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট অতিথিদের নিজ এলাকায় আগমনকে সেনবাগবাসীর জন্য এক গর্ব ও আনন্দের মুহূর্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার ১৯ ই নভেম্বর দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে সেনবাগ উপজেলা স্টেডিয়ামে অবতরণ করেন পর্তুগালের প্রিন্স ও প্রিন্সেস। পরে সেখান থেকে তাঁরা জয়নুল আবেদীন ফারুক ফাউন্ডেশনের (ZAF Foundation) প্রতিষ্ঠাতা তামান্না ফারুক থীমার বিশেষ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে উপজেলার ঐতিহ্যবাহী মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে পৌঁছান। বৃষ্টির মধ্যেও তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের আগমন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে সাজসজ্জা ও আনন্দঘন আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নুল আবেদীন ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী,
(ZAF Foundation) এর প্রতিষ্ঠাতা পরিচালক তামান্না ফারুক থীমা, উপজেলা বিএনপির নেতা ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক উপজেলা বিএনপি’র সদস্য মাস্টার আবদুল হান্নান লিটন, পৌর বিএনপির সদস্য সচিব শহীদ উল্লাহ, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নূরনবী বাচ্চু এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ ইলিয়াছ সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক, নোয়াখালী জেলা বিএনপির দলীয় নেতৃবৃন্দ, সেনবাগ উপজেলা প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন কলেজের শিক্ষক-প্রভাষক, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পর্তুগালের রাজপরিবারের অতিথিদের পরিচয় ও উপস্থিতি ঘিরে বিশেষ আয়োজন করা হয়। পরে তাঁদের সম্মানে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাত সমুদ্র তেরনদী পেরিয়ে পর্তুগালের
রাজপরিবারের অতিথিদের সেনবাগে আগমন স্থানীয়ভাবে একটি ব্যতিক্রমী ও স্মরণীয় ঘটনা। এ আয়োজনের মধ্য দিয়ে সেনবাগের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার পরিচিতি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন এলাকার স্থানীয়রা।



