ঢাকাTuesday , 25 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় পলিথিন-প্লাস্টিকের ছোবল থেকে সুন্দরবন বাঁচাতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার ডাক।।

    admin
    August 25, 2026 7:05 pm
    Link Copied!

    মোঃ শাহজালাল, বরগুনা থেকে।।

    প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে শুধু জনসচেতনতা সৃষ্টি নয়, বর্জ্য সংগ্রহের পর তা পুনর্ব্যবহার, পুনঃপ্রক্রিয়াকরণ ও নিরাপদ অপসারণের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সুন্দরবন ও উপকূলীয় পরিবেশ রক্ষায় জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বেসরকারি খাত, নাগরিক সমাজ, গণমাধ্যম ও যুবসমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

    মঙ্গলবার (২৫ আগস্ট) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে ‘প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ে আয়োজিত পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন।

    রূপান্তরের উদ্যোগে এবং জার্মান সরকারের সহযোগিতা ও হেলভেটাস জার্মানির সহায়তায় বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে সুন্দরবন ম্যানগ্রোভ বন ও এর প্রভাববলয়ের পরিবেশগত ভারসাম্য উন্নয়ন এবং দূষণ হ্রাস’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের পরিচালক ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ এ এস এম কাশেম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল্লাহ খালিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি ও সাংবাদিক মনির হোসেন কামাল।

    সভায় রূপান্তর ইকো সুন্দরবন প্রকল্পের সমন্বয়কারী শুভাশিষ ভট্টাচার্য, হেলভেটাস বাংলাদেশের কর্মসূচি প্রধান শাহরিয়ার মান্নান, রূপান্তরের সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ রায়, বরগুনা জেলা সমন্বয়কারী মো. খলিলুর রহমান, ইকো সুন্দরবন প্রকল্পের পিরোজপুর জেলা সমন্বয়কারী শাহিদা বানু সোনিয়া এবং রূপান্তরের বরগুনা মাঠ কর্মকর্তা আবিদা সুলতানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

    এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তর, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন। তাঁরা প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার এবং স্থানীয় পর্যায়ে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার বিষয়ে মতামত দেন।

    সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার পরিবেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে অপরিকল্পিতভাবে ফেলা প্লাস্টিক ও পলিথিন নদী-খাল হয়ে সুন্দরবন ও সমুদ্রে গিয়ে পড়ছে। এতে জলজ প্রাণী, ম্যানগ্রোভ বন, জীববৈচিত্র্য এবং সুন্দরবননির্ভর মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে।

    বক্তারা বলেন, সরকার ‘জাতীয় ৩আর কৌশল ২০১০’ এবং ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১’-এর মাধ্যমে বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াকরণের ওপর গুরুত্ব দিয়েছে। কিন্তু এসব নীতির মাঠপর্যায়ের বাস্তবায়নে এখনো বড় ধরনের ঘাটতি রয়েছে। উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ, বর্জ্য সংগ্রহ এবং সংগ্রহের পর পুনর্ব্যবহার বা নিরাপদ অপসারণের কার্যকর ব্যবস্থা অনেক এলাকায় গড়ে ওঠেনি।

    সভায় রূপান্তরের অভিজ্ঞতা তুলে ধরে জানানো হয়, ২০২৪ সাল থেকে সুন্দরবন সংলগ্ন পাঁচ জেলার ১৭টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এসব উপজেলায় ১৭টি যুব ফোরাম গঠন করে প্রায় ৫৩০ জন তরুণকে সংগঠিত করা হয়েছে। তাঁরা প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে প্রচার, পরিচ্ছন্নতা অভিযান ও পুনর্ব্যবহার উৎসাহিত করতে ৩০০টির বেশি স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছেন।

    এ ছাড়া জেলে, মৌয়াল, বাওয়ালসহ সুন্দরবননির্ভর প্রায় ২ হাজার ৫০০ মানুষকে প্লাস্টিকের ব্যবহার কমানো ও টেকসই সম্পদ আহরণ বিষয়ে সম্পৃক্ত করা হয়েছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প হিসেবে ১৭টি উপজেলায় স্থানীয় বাজার কমিটির মাধ্যমে প্রায় ১ লাখ ৭০ হাজার পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয়েছে।

    প্রকল্পের আওতায় বাগেরহাটের রামপালের কাঠামারী ও ছোট নবাবপুর এবং খুলনার কয়রার নালপাড়া এলাকাকে প্লাস্টিকমুক্ত গ্রাম হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে যুব সদস্যদের বন বিভাগের স্বেচ্ছাসেবী তথ্যভান্ডারে এবং কয়েকটি যুব সংগঠনকে যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধনের আওতায় আনা হয়েছে।

    তবে সভায় বলা হয়, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সংগৃহীত প্লাস্টিক ও পলিথিনের পরবর্তী ব্যবস্থাপনা। অনেক উপজেলায় এমনকি পৌরসভা পর্যায়েও বর্জ্য সংগ্রহের পর তা পুনর্ব্যবহার, পুনঃপ্রক্রিয়াকরণ কিংবা নিরাপদে অপসারণের পর্যাপ্ত অবকাঠামো নেই। ফলে মানুষ বর্জ্য আলাদা করে রাখলেও শেষ পর্যন্ত তা কোথায় যাবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

    সভায় বর্জ্য ব্যবস্থাপনাকে শুধু পৌরসভা বা স্থানীয় সরকারের ব্যয় হিসেবে না দেখে একটি টেকসই ও সম্ভাবনাময় অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় উদ্যোক্তা, জনসম্পৃক্ত সংগঠন ও অনানুষ্ঠানিক বর্জ্য সংগ্রহকারীদের সম্পৃক্ত করা গেলে এ খাতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

    বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বর্জ্য সংগ্রহের জন্য নির্ধারিত ফি এবং জৈব বর্জ্য থেকে উৎপাদিত কম্পোস্ট সার বাজারজাতের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আংশিকভাবে স্বনির্ভর করা সম্ভব বলেও সভায় মত দেওয়া হয়। এজন্য স্থানীয় প্রশাসনের নেতৃত্বে বেসরকারি খাতের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

    সভায় বক্তারা আরও বলেন, প্লাস্টিক দূষণ কোনো একক প্রতিষ্ঠান বা বিভাগের সমস্যা নয়। এটি পরিবেশ, জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য ও স্থানীয় অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ, ব্যবসায়ী সংগঠন, বর্জ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, যুবসমাজ, নাগরিক সমাজ এবং গণমাধ্যমকে একই প্ল্যাটফর্মে এনে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

    সভায় অংশ নেওয়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্থানীয় বাস্তবতা, বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে মতামত দেন। বিশেষ করে উৎসে বর্জ্য পৃথকীকরণ, নিয়মিত বর্জ্য সংগ্রহ, পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বৃদ্ধি, প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রসার এবং বর্জ্য ব্যবস্থাপনায় বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

    সভা থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়, জেলা প্রশাসনের নেতৃত্বে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে বরগুনায় প্লাস্টিক দূষণ কমানোর পাশাপাশি একটি টেকসই, পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা মডেল গড়ে তোলা সম্ভব হবে। এর মাধ্যমে সুন্দরবন ও উপকূলীয় পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার পথ আরও সুগম হবে।

    মোঃ শাহজালাল
    বরগুনা।।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST